আইওএস ১০ থেকে সরানো হল পর্নো জিফ
ইন্টারনেট থেকে কিছু পর্নোগ্রাফিক ইমেইজ আইওএস ১০-এর মেসেজিং ফাংশনে ঢুকে পড়ার পর সেগুলো সরিয়ে নিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।
চলতি মাসের শুরতে আইফোন আর আইপ্যাড-এর অপারেটিং সিস্টেম আইওএস-এর সর্বশেষ সংস্করণ আইওএস ১০ বের করে অ্যাপল। এতে মেসেজ অপশনে একটি আপডেট আনা হয়, যার মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে সরাসরি সার্চ করে জিফ মেসেজ পাঠাতে পারবেন।
'হার্ড', 'বাউন্স', 'হিউজ'- এমন কিছু সাধারণ শব্দ দিয়ে জিফ খুঁজতে গিয়ে অসাবধানবশত কিছু বিশেষ জিফ নিয়ে আসেন বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর। এগুলোর মধ্যে কিছু জিফ ছিল বিনোদন ফ্র্যাঞ্চাইজ মাই লিটল পনি-এর অ্যানিমেশন দিয়ে বানানো। এমনকি একজন নারী একজন পুরুষের উপর উঠে যৌনক্রিয়া করছে-এমন জিফও চলে আসে।
'বুবস', 'বাম', 'অ্যাস'-এর মতো শব্দগুলো আবশ্যিকভাবে বন্ধ রাখা হলেও, 'জিগল', যার বাংলা মানে হালকা ঝাঁকি দেওয়া, লিখে সার্চ করলে নাদুসনুদুস এক নারী উপরে নিচে লাফাচ্ছেন এমন অ্যানিমেশন চলে আসে।
আইফোন, আইপ্যাড-এর জন্য কোনো পর্নোগ্রাফিক অ্যাপ সমর্থন না দেওয়ায় খ্যাতি রয়েছে অ্যাপলের। নিজেদের অ্যাপ স্টোর-এর নির্দেশনায় প্রতিষ্ঠানটি বলেছে, "পর্নোগ্রাফিক উপাদান, যাকে ওয়েবস্টার'স ডিকশনারি-তে 'শিল্পরুচিসংক্রান্ত বা আবেগি অনুভূতি ছাড়া কোনো উদ্দীপনার উদ্দেশ্যে কোনো যৌন অঙ্গ বা ক্রিয়ার স্পষ্ট বর্ণনা বা প্রদর্শন করা' দিয়ে সংজ্ঞায়িত করা হয়, এমন অ্যাপ বাতিল করে দেওয়া হবে।"
