২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাকবুকের হেডফোন জ্যাকও সরাবে অ্যাপল?

আইফোন থেকে হেডফোন জ্যাক সরানোর পর, এবার নিজেদের কম্পিউটার আর অন্যান্য ডিভাইস থেকেও এই জ্যাক সরাতে পারে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল, নতুন এক জরিপের সূত্র ধরে এমন তথ্য পাওয়া গেছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2016, 04:52 PM

Updated : 12 Apr 2022, 02:53 AM

প্রতিষ্ঠানটি তাদের ম্যাকবুক প্রো মালিকদের জিজ্ঞাসা করেছে, তারা কি কখনও তাদের ল্যাপটপের হেডফোন পোর্ট ব্যবহার করেন কিনা। অনেকেরই ধারণা, এই প্রশ্নের মাধ্যমে অ্যাপল যে ল্যাপটপ থেকে এই পোর্ট সরিয়ে ফেলতে চায় তার ইঙ্গিত পাওয়া যায়, জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

অ্যাপল যেহেতু আইফোন ৭ থেকে হেডফোন জ্যাক সরিয়ে ফেলেছে, তাই অনেকে ধারণা করেন অন্যান্য পণ্যেও একই পরিবর্তন আসবে।

ইতোমধ্যে অ্যাপল নতুন তারবিহীন এয়ারপড উন্মোচন করেছে। এই এয়ারপড ব্যবহারে হেডফোন জ্যাক বা অন্য কোনো প্লাগ দরকার হবে না। আর এতে বিশেষ প্রযুক্তি রাখা হয়েছে, যার মাধ্যমে এটি ম্যাকসহ অন্যান্য অ্যাপল পণ্যের সঙ্গে যুক্ত হতে পারবে।

একই জরিপ থেকে আরও জানা যায়, অ্যাপল তাদের ল্যাপটপ থেকে এসডি কার্ড রিডারও সরিয়ে ফেলতে পারে, এমনকি রয়েছে প্রচলিত ইউএসবি প্লাগ সরানোর সম্ভাবনাও।

এ নিয়ে এক টুইটার ব্যবহারকারী তার টুইটে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, "আপনি কীভাবে আপনার ডিজিটাল ক্যামেরা বা ফোন থেকে রেটিনা ডিসপ্লে'র ম্যাকবুক প্রো-তে ছবি ডাউনলোড করবেন?"

অন্যদিকে, অ্যাপল যদি তাদের ল্যাপটপে এমন কোনো পরিবর্তন আনেও, তা খুব জলদি আনা হবে না বলেই ধারণা করা হচ্ছে। প্রতিষ্ঠানটি নতুন ল্যাপটপ আনছে বলে বাজারে জোর গুঞ্জন রয়েছে।

যদি ল্যাপটপ থেকে অ্যাপল হেডফোন জ্যাক সরিয়ে দেয়, তবে পাতলা ম্যাকবুকেই সবার আগে এই বদল আনা হবে বলে ধারণা করা হচ্ছে।