আইওএস ১০-এ সমস্যায় ব্যবহারকারীরা
আইওএস-এর সর্বশেষ সংস্করণ আইওএস ১০ আনার পর অনেক ব্যবহারকারী তাদের ডিভাইসে 'ব্রিকিং' সমস্যা হওয়ার অভিযোগ তুলেছেন।
কোনো ডিভাইস যদি এমন কোনো অবস্থায় গিয়ে আটকে যায়, যে তা আর চালুও করা যায় না, এমনকি কোনোভাবেই সমস্যা সমাধান করা যায় না তখন তাকে 'ব্রিকিং' বলা হয়।
লাখ লাখ ব্যবহারকারী তাদের ডিভাইসে এই আপডেট নিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ আবার তাদের স্মার্টফোন বা ট্যাবলেট 'ক্র্যাশ; করেছে বলেও অভিযোগ করেছেন, জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।
‘পাওয়ার প্রথম ঘণ্টায়ই অল্পসংখ্যক ব্যবহারকারী সফটওয়্যার আপডেট প্রক্রিয়ায় সমস্যায় পড়ার কথা’ এক বিবৃতিতে নিশ্চিত করেছে অ্যাপল।
অন্যদিকে, দৈনিকটি জানিয়েছে, বুধবারও এই সমস্যায় পড়ার কথা জানিয়েছে কয়েকজন ব্যবহারকারী। তাদের ফোনে এই আপডেট দেওয়া হলে ফোনগুলো 'ব্রিকিং' সমস্যায় পড়ে আর কাজ করা বন্ধ করে দেয় বলে জানান তারা।
একটি আইফোন রিবুট সাইকেলে লক হয়ে যায় এবং আপডেটের পর আইটিউনস শনাক্ত করা যায়নি, এমন নজির পাওয়ার কথাও জানিয়েছে গার্ডিয়ান। অন্যদিকে প্রযুক্তি সাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে জানিয়েছে তাদের এক সাংবাদিকও এই একই ধরনের সমস্যার মুখে পড়েছেন।
বিনামূল্যের এই আপডেটে নতুন কিছু ফিচার আনা হয়েছে। আরও ইমোজি ও অ্যানিমেশন দিয়ে ঢেলে সাজানো হয়েছে মেসেজ অ্যাপ, লক স্ক্রিনের জন্য আনা হয়েছে নতুন নোটিফিকেশন পদ্ধতি আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি-কে আরও বেশি অ্যাপের সঙ্গে সমন্বয় করার সক্ষমতা দেওয়া হয়েছে।
