২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ঠেকানো যাবে' মোবাইলের তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গ

কথা বলা হচ্ছে মোবাইল ফোনে, কাজ, বিনোদনে কম্পিউটার, বাসা-বাড়ি, অফিস সবখানে ইলেকট্রনিক পণ্য। এসব পণ্য ব্যবহারে দৈনন্দিন জীবন সহজ হয়ে উঠলেও, এর নেতিবাচক দিকের কথাও শোনা যায় মাঝেমধ্যে। এসব পণ্য থেকে বের হওয়া তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গের ক্ষতিকর প্রভাবের কথা প্রায়ই বলে থাকেন চিকিৎসক আর বিজ্ঞানীরা। এবার হয়তো এ সমস্যার সমাধান আসতে যাচ্ছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2016, 07:52 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

ইলেকট্রনিক গ্যাজেট আর বাসা বাড়িতে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক পণ্য থেকে নিসৃত তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গ কার্যকরীভাবে রুখে দিতে নতুন এক উপাদান বানিয়েছেন দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা, জানিয়েছে দেশটির একটি সংবাদ সংস্থা।   

ইয়োনহাপ নামের ওই সংবাদ সংস্থার বরাতে আইএএনএস জানিয়েছে, কোরিয়া ইনস্টিটিউত অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেআইএসটি)-এর গু জং-মিন এর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ড্রেক্সেল ইউনিভার্সিটি-এর একদল গবেষক ম্যাকজিন দিয়ে এই উপাদান বানাতে সক্ষম হয়েছেন। 

ম্যাকজিন হচ্ছে, টাইটেনিয়াম আর কার্বন দিয়ে তৈরি একটি দ্বি-মাত্রিক অজৈব উপাদান।

গবেষণা দলটি আবিষ্কার করে, ম্যাকজিন মোবাইল ফোন, টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন আর অন্যান্য ইলেক্ট্রনিক পণ্যসামগ্রী থেকে বের হওয়া তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গ আটকে রাখতে পারে। এই উপাদান একদম সহজেই বানানো যায় আর এতে খরচও খুবও একটা হয় না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

গবেষক দলের নেতা গু বলেন, "বানানো নতুন এই উপাদান শুধু তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গই নয় আটকে দিতেই নয় সেই সঙ্গে আরও অন্যান্য উদ্দেশ্যেও ব্যবহার করা যাবে বলা আশা করা হচ্ছে।"

এই গবেষণা জার্নাল সায়েন্স-এ প্রকাশিত হয়েছে।