এলজি-এর ব্যবসা ফেরাবে ভি২০!
'ভি২০' নামের নতুন প্রিমিয়াম স্মার্টফোন উন্মোচন করেছে এলজি। স্মার্টফোনের বাজারে বর্তমানে লোকসানের মধ্য দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ধুঁকতে থাকা স্মার্টফোন ব্যবসা পুনরায় ধরতেই ০৬ সেপ্টেম্বর 'ভি২০' স্মার্টফোনটি উন্মোচন করে দক্ষিণ কোরিয়ান ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।
স্মার্টফোনটি দিয়ে বছরের দ্বিতীয় প্রান্তিকে ভালো ব্যবসা করার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি, জানিয়েছে রয়টার্স।
৫.৭ ইঞ্চি পর্দার স্মার্টফোনটিতে পরিবর্তনযোগ্য ব্যাটারি রাখা হয়েছে। পেছনে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফোনটিতে। আর অডিও প্লেব্যাকের ক্ষেত্রে ব্যাং অ্যান্ড ওলফসেন সাইন্ড সিস্টেমের সঙ্গে চুক্তি করেছে এলজি। এ ছাড়াও ভি২০ স্মার্টফোনটিতে উন্নত ফটো এবং ভিডিও ফাংশান রাখা হয়েছে বলেও জানানো হয়।
এলজি-র স্মার্টফোন ব্যবসা টিকিয়ে রাখতে 'ভি২০' এর সাফল্য বেশ জরুরী বলে উল্লেখ করা হয়। এ বছরের প্রথম প্রান্তিকে প্রাথমিক উৎপাদন সমস্যার কারণে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ে এলজি। এক্ষেত্রে প্রতিষ্ঠানের ক্ষতির আরও একটি কারণ ছিলো স্যামসাং গ্যালাক্সি এস৭ ফোনের সাফল্য। প্রতিযোগিতায় গ্যালক্সি এস৭-এর কাছে টিকতে পারেনি এলজি জি৫।
এদিকে ৭ সেপ্টেম্বর মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠান অ্যাপল ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানটিতে নতুন আইফোন ৭ উন্মোচন করা হতে পারে বলে গুজব রয়েছে। সেক্ষেত্রে অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে এলজি-কে। তবে, ব্যাটারি ত্রুটির কারণে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ ফেরত নেওয়ার ঘোশণায় প্রতিযোগিতায় কিছুটা ছাড় পাবে এলজি।
চলতি মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় স্মার্টফোনটি বাজারে ছাড়া হবে বলে জানানো হয়। তবে স্মার্টফোনটির মূল্য কত হবে, সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
