'সেলফি স্টিক' কেটে প্রতিবাদ
মানুষের মধ্যে কথোপকথন এবং সম্পর্ক বাড়াতে মানুষের সেলফি স্টিক কেটে প্রতিবাদ জানিয়েছেন এক মার্কিন কৌতুকাভিনেতা। বাডি বল্টন এবং একজন ক্যামেরাম্যান মিলে ঠিক সেলফি তোলার মুহুর্তে দর্শনার্থী অন্যান্য মানুষের সেলফি স্টিক কেটে দিয়ে প্রতিবাদ জানান।
নিউ ইয়র্কের ম্যানহাটনে দর্শনীয় স্থানগুলোতে মানুষ যখন সেলফি তুলতে যাবে, ঠিক সেই মুহুর্তে একটি মজবুত কাটার দিয়ে সেলফি স্টিকটি কেটে দেন বল্টন। সেটি ভিডিও করে অনলাইনে প্রচারও করা হয়। এই ঘটনার আকস্মিকতায় বেশিরভাগ মানুষই স্তব্ধ হয়ে যান এবং কেউ কেউ গালিও দেন। বল্টন স্টিকটি কেটে দিয়েই সেখান থেকে পালিয়ে যান। এসময় একজন ভোক্তা তার পিছু তাড়াও করেন বলে জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড।
দৈনন্দিন জীবনে বিভিন্ন উপলক্ষে সেলফি উঠানো এখন একরকম প্রথা হয়ে দাঁড়িয়েছে। আর সে কারণে মানুষের মধ্যে কথোপকথন অনেকাংশে কমে গেছে বলে মনে করেন বল্টন।
"আগের দিনগুলোতে আপনি হয়তো আরেকজন মানুষের সঙ্গে কথা বলতেন এবং তাকে জিজ্ঞাসা করতেন আপনি কি আমার এবং আমার স্ত্রীর একটি ছবি তুলে দিতে পারেন? কিন্তু এখন মানুষের মধ্যে কথোপকথন খুবই কম। তাই আমাদের লক্ষ্য মানুষের মধ্যে কথোপকথনের সম্পর্কের উন্নতি করা," বলেন বল্টন।
প্রথম দিকে তাদের ইচ্ছা ছিল সেলফি স্টিক দিয়ে মানুষকে আঘাত করা। পরে সেটিকে মজার জন্য অতিরিক্ত হিংস্র মনে করে সেই পরিকল্পনা বাদ দেন তারা।
"আমরা এটি উদার মনে চিন্তা করেছিলাম, এটা সত্যিই আমাদের উদ্দেশ্য ছিল না। দুর্ভাগ্যবশত কিছু মানুষ এতে মর্মাহত হয়েছেন।"
এর মধ্যে অনেক দর্শনার্থীর সেলফি স্টিকও কাটা পড়েছে। বল্টন জানিয়েছেন, দর্শনার্থীদেরকে বাছাই করাটা তাদের উদ্দেশ্য ছিলো না। যারাই সেলফি স্টিক ব্যবহার করবে তাদের স্টিকই কাটার উদ্দেশ্য ছিলো তাদের। যে সকল মানুষের সেলফি স্টিক কাটা হয়েছে এর পরিবর্তে তাদেরকে ১০ ডলার পরিশোধ করা হয়েছে বলেও জানানো হয়।
