২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরিয়ানা ছাড়ছেন হাফিংটন পোস্ট

চলতি বছরের ১২ অগাস্ট হঠাৎ করেই মার্কিন অনলাইন সংবাদ সাইট  হাফিংটন পোস্ট ছাড়ার ঘোষণা দেন এর প্রতিষ্ঠাতা আরিয়ানা হাফিংটন। বিশ্বের অন্যতম প্রভাবশালী বলে বিবেচিত এই সংবাদ সাইট থেকে তার অব্যাহতির কারণ জানতে  ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে বিশ্বজুড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2016, 07:28 PM

Updated : 12 Apr 2022, 02:39 AM

প্রতিষ্ঠাতার অব্যাহতির কারণ হিসেবে হাফিংটন পোস্টের পক্ষ থেকে এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, একই সঙ্গে হাফিংটন পোস্ট এবং নব উন্মোচিত স্টার্টআপ প্রতিষ্ঠান 'থ্রাইভ গ্লোবাল'-এ কাজ করা সম্ভব নয়। এজন্যই হাফিংটন পোস্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম  সিএনবিসি।

হাফিংটন পোস্টের এক বিবৃতিতে আরিয়ানার পক্ষ থেকে বলা হয়, "আমি মনে করেছিলাম হাফিংটন পোস্টের প্রধান সম্পাদক এবং একটি স্টার্টআপ একসঙ্গে চালানো সম্ভব। আজ এটি পরিষ্কার যে, এটি একটি বিভ্রান্তি ছিলো।"

কয়েক মাস আগে তিনি যখন 'থ্রাইভ' চালু করার পরিকল্পনা করেন তখন থেকেই তিনি তার মত পরিবর্তন করেন। ১১ বছর আগে হাফিংটন পোস্ট প্রতিষ্ঠা করেন আরিয়ানা হাফিংটন। পাঁচ বছর আগে হাফিংটন পোস্টকে কিনে নেয় ভেরাইজনের মালিকানাধীন প্রতিষ্ঠান এওএল।

এদিকে হাফিংটন পোস্ট থেকে অব্যাহতির পেছনে অন্য কারণ দেখছেন বিশেষজ্ঞেরা। সম্প্রতি  ইয়াহুকে কেনার ঘোষণা দেয় ভেরাইজন। তাই ভেরাইজনের মালিকানায় হাফিংটনে তিনি তার বর্তমান পদ ধরে রাখতে পারবেন না এমনটা বুঝতে পেরেই প্রতিষ্ঠান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

একটি বিশ্বস্ত সূত্রের পক্ষ থেকে বলা হয়, "এটি বেশ পরিষ্কার যে ইয়াহু অথবা এওল-এ তিনি বর্তমান পদে বহাল থাকবেন না।"