২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বন্ধ’ হয়ে গেলো টরেন্টজ

হঠাত বিনা নোটিশেই বন্ধ হয়ে গেলো জনপ্রিয় টরেন্ট সাইট টরেন্টজ (Torrentz.eu)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ ইফতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 08:24 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

টরেন্টবিষয়ক সংবাদ ওয়েবসাইট টরেন্টফ্রিক-এর বরাতে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানায়, সাইটটির প্রধান পেইজ দেখতে আগের মতো রয়ে গেলেও সার্চ ফাংশনটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাইটে হোস্ট করা সব টরেন্ট লিংক সরিয়ে নেওয়া হয়েছে।

সাইটে বলা হয়, “টরেন্টজ ছিলো দ্রুত ও শক্তিশালী, বিনামূল্যের একটি মেটা-সার্চ ইঞ্জিন, যা বহু সার্চ ইঞ্জিনের ফলাফল একত্রিত করতে সক্ষম ছিলো।”
“টরেন্টজ আপনাদের সবসময়ই ভালোবাসবে। বিদায়।"

দীর্ঘ ১৩ বছর ধরে প্রতিদিন লাখ লাখ টরেন্ট ব্যবহারকারীদের পিয়ার-টু-পিয়ার মিডিয়া ফাইল সরবরাহ সেবা দেওয়ার পর হঠাৎই এ সাইটটির এ ঘোষণায় কিছুটা স্তম্ভিত ব্যবহারকারীরা।

টরেন্টজ-এর মতো ফাইল শেয়ারিং সাইটগুলোর কার্যক্রম কতটুকু আইনত তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। এসব সাইটের মাধ্যমে ব্যবহারকারীদের শুধু কপিরাইটেড অ্যালবাম বা মুভিই নয়, সম্পূর্ণ আইনসিদ্ধ কন্টেন্টও পৌঁছে দেওয়া সম্ভব। এ ছাড়াও এ ধরনের অনেক সাইটই নিজেরাই এ ফাইলগুলো হোস্ট করার বদলে ব্যবহারকারীদের ফাইলগুলোর তালিকা তৈরি ও শেয়ারের মাধ্যম হিসেবে কাজ করে থাকে।

এর আগে গত মাসে অনলাইনের বৃহত্তম টরেন্ট সাইট কিকঅ্যাস টরেন্ট-এর মালিকানার অভিযোগে ৩০ বছর বয়স্ক আরটেম ভলিন-কে পোল্যান্ড থেকে আটক করা হয়। এ ছাড়াও সাইটটির সব ডোমেইন নেইম জব্দ করার নির্দেশ দেয় শিকাগোর এক ফেডারেল আদালত। তবে ভলিনের গ্রেফতারের সঙ্গে টরেন্টজ বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্পর্ক আছে কিনা তা অবশ্য স্পষ্ট নয়।