২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের সুরক্ষা ত্রুটি ধরতে পুরস্কার

অ্যাপল পণ্যের সিকিউরিটি বাগ ধরিয়ে দিতে পারলে পুরস্কার হিসেবে দুই লাখ মার্কিন ডলারের কথা জানিয়েছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। এর আগে থেকেই বেশ কয়েকটি প্রতিষ্ঠান এমন পুরস্কার দিয়ে আসছে। এবার সেই দলেই যোগ দিতে যাচ্ছে অ্যাপল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 09:41 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

এ ব্যাপারে অ্যাপলের পক্ষ থেকে রয়টার্সকে তাদের পরিকল্পনার বিস্তারিত জানিয়েছে প্রতিষ্ঠানটি। ৪ অগাস্ট লাস ভেগাসে অনুষ্ঠিত ব্ল্যাক হ্যাট সাইবার সিকিউরিটি কনফারেন্সে বেশ কয়েকটি বড় পুরস্কারের ঘোষণা দেয় অ্যাপল।

অ্যাপলের পক্ষ থেকে জানানো হয় প্রাথমিকভাবে এই ঘোষণা দুই ডজন গবেষকের জন্য প্রযোজ্য হবে। এসব গবেষক পাঁচটি নির্দিষ্ট ক্যাটেগরিতে অ্যাপল পণ্যের সুরক্ষা ত্রুটি খুঁজে বের করতে সাহায্য করবেন। প্রতিষ্ঠানের নির্বাচিত এসব গবেষকদের তাদের মধ্য থেকেই বাছাই করা হয়েছে যারা এর আগে অ্যাপলের বাগ খুঁজে বের করতে সাহায্য করেছেন। তবে, সেই কাজের জন্য তখন কোনো প্রতিদান মূল্য দেয়নি অ্যাপল।

সুরক্ষা বাগ বের করতে বিভিন্ন ক্যাটেগরিতে বিভিন্ন অংকের পুরস্কারের ঘোষণা দিয়েছে অ্যাপল। এর মধ্যে 'সিকিউর বুট' ক্যাটেগরির জন্য পুরস্কারের পরিমাণ দেওয়া হয়েছে দুই লাখ মার্কিন ডলার। অ্যাপল পণ্যের 'সিকিউর বুট' ফিচার আইওএস ডিভাইস চালু হওয়ার সময় অননুমোদিত চালু হওয়া রোধ করে।

গবেষকদের সংখ্যা সীমিত করার কারণ হিসেবে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, এর আগে যেসব প্রতিষ্ঠান এমন অফার দিয়েছে তাদের পরামর্শেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিকিউরিটি বিশ্লেষক রিচ মোগাল বলেন, প্রতিযোগীর সংখ্যা সীমিত করায় অ্যাপল 'কম-মূল্য'-এর বাগ রিপোর্টগুলোর হাত থেকে রক্ষা পাবে। "সম্পূর্ণ উন্মুক্ত প্রোগ্রাম চালু করলে অবশ্যই বেশ কিছু পুঁজি নিয়ন্ত্রণ করতে হবে।"

ঠিক কোন প্রতিষ্ঠানের পরামর্শে অ্যাপল গবেষক সংখ্যা সীমিত করেছে সেটি জানায়নি অ্যাপল। বর্তমানে ফেইসবুক, গুগল, মাইক্রোসফট, টেসলাসহ ডজনখানেক প্রতিষ্ঠান একই ধরনের অফার দিয়ে আসছে।

গত পাঁচ বছরে উন্মুক্ত প্রোগ্রামের মাধ্যমে ৪০ লাখ মার্কিন ডলার পরিশোধ করেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক। এ বছরের মার্চে ফিনল্যান্ডের ১০ বছর বয়সী এক বালককে ১০ হাজার ডলার দিয়েছে প্রতিষ্ঠানটি। ওই বালক ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীর কমেন্ট মুছে ফেলার কৌশল বের করায় এই পুরস্কার দিয়েছে ফেইসবুক।