২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে চালু '৪০ বাসের বিকল্প' এক বাস

পরীক্ষামূলকভাবে চালু হয়েছে চীনের বহুল প্রতিক্ষীত ‘স্ট্র্যাডলিং বাস’। দেশটির হেবেই প্রদেশে চালু করে এই বাস ‘ট্রানজিট এলিভেটেড বাস’ বা ‘ট্রানজিট এক্সপ্লোর বাস (টিইবি)’ নামেও পরিচিত।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 10:20 PM

Updated : 12 Apr 2022, 02:35 AM

নতুন এই বাসের ধারণা এসেছে দেশটির শেনজেন হাশি ফিউচার ইকুইপমেন্ট কোম্পানি'র হাত ধরে। ২০১০ সালের মে মাসে অনুষ্ঠিত প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠান বেইজিং ইন্টারন্যাশনাল হাই-টেক এক্সপো-তে এই বাসের ধারণা উন্মোচন করা হয়। একই প্রদর্শনী অনুষ্ঠানের ২০১৬ সালের আসরে এর একটি ‘কার্যকরী’ মডেল উপস্থাপন করা হয়।

ওই মিনি মডেলের একটি ভিডিও ছাড়া হলে তা ব্যাপক উন্মাদনার জন্ম দেয়, এমনটাই বলা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।

কী এই বাসের ধারণা? এই বিশেষ বাসের দুই পাশের মাঝখানে দিয়ে গাড়ি চলাচলের সুযোগ রাখা হয়েছে। ২ মিটার উচ্চতার এই বাস বিদ্যুতচালিত। ৭২ ফুট লম্বা আর ২৫ ফুট প্রস্থের এই বাসের যাত্রীধারণ ক্ষমতা প্রচলিত বাসগুলোর চেয়ে ঢের বেশি। তিনশ'জন পর্যন্ত যাত্রী বহন করতে পারবে বাসটি।

দেশটির কিনহাউংডাও শহরে তিনশ' মিটার নিয়ন্ত্রিত পথে এই পরীক্ষা চালানো হয়। প্রচলিত রাস্তার উপর রেল লাইনের মতো লাইন বসিয়ে এর পথ তৈরি করা হয়। একসঙ্গে চারটি এমন বাস সংযুক্ত করার সুযোগ রয়েছে। ঘণ্টায় এটি সর্বোচ্চ ৬০ কিমি গতিতে চলতে পারবে বলে আশা করা হচ্ছে।

এই প্রকল্পের প্রধান সং ইয়োঝোও চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া-কে বলেন, "সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাসটি রাস্তার প্রচুর জায়গা বাঁচাবে।"

আরেক প্রকৌশলী বাই ঝিমিং বলেন, "টিইবি-এর মধ্যে সাবওয়ে'র সব ফাংশনই আছে, কিন্তু নির্মাণের ক্ষেত্রে এতে সাবওয়ে'র চেয়ে এক পঞ্চমাংশ কম খরচ হবে।"

নির্মাণকারী প্রতিষ্ঠানের সূত্রমতে, একটি টিইবি ৪০টি প্রচলিত বাসের কাজ করতে পারবে। তবে, ঠিক কবে নাগাদ এই যান চীনে বিস্তৃত পরিসরে চালু করা হবে তা এখনও স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি।