২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বয়ংক্রিয় গাড়ি নামাচ্ছে সিঙ্গাপুর

এবার পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় গাড়ি রাস্তায় নামানোয় চুক্তি সই করেছে সিঙ্গাপুর সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ ইফতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 12:29 AM

Updated : 20 Aug 2022, 01:22 PM

এমআইটি-সংশ্লিষ্ট উদ্যোক্তা প্রতিষ্ঠান ও গাড়ির ইলেক্ট্রনিকস সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ এ চুক্তির ফলে বিশ্বের প্রথম "স্মার্ট নেশন" হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল সিঙ্গাপুর।

ছয়টি আউডি নিয়ে গঠিত একটি ছোট গাড়িবহর দেশটির ব্যবসায়িক অঞ্চল ওয়ান নর্থ ধরে সাড়ে তিন মাইল পথ পাড়ি দেবে। নিরাপত্তার জন্য গাড়িগুলোতে প্রাথমিকভাবে চালক থাকলেও ২০১৯ সালের মধ্যেই দেশটি ক্রমান্বয়ে চালকের ভূমিকা উঠিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানায় বিবিসি।

চুক্তির অন্যতম প্রতিষ্ঠান ডেলফি অটোমেটিভ জানায়, এ গাড়িগুলো যাতায়াত খরচ মাইলপ্রতি তিন ডলার থেকে কমিয়ে নব্বই সেন্টে নিয়ে আসবে।

প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট গ্লেন ডি ভস জানান, "আমরা সুনিয়ন্ত্রিতভাবে ছোট আকারে শুরুতে একটি এবং ক্রমান্বয়ে ৩০, ৪০ বা ৫০টি গাড়ির একটি গাড়িবহর তৈরির আশা রাখছি। এ পদক্ষেপটি ব্যাপক নজর কাড়ার মাধ্যমে এ প্রযুক্তিকে সামাজিক পর্যায়ে নিয়ে আসতে সহায়তা করবে।"

এ ছাড়াও পরবর্তীতে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও এ ধরনের পাইলট প্রোগ্রাম চালানোর পরিকল্পনা প্রতিষ্ঠানটির রয়েছে বলেও জানান তিনি।