হিলারি “সবচেয়ে যোগ্য প্রার্থী”
"মা, তারা সবাই কেন পুরুষ?" মার্কিন প্রেসিডেন্টদের সম্পর্কে নিজ মেয়ের মুখে এমন প্রশ্ন শোনার কথা জানিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ।
সম্প্রতি এক ফেইসবুক পোস্টের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন ডেমোক্রেট দলের আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়ার পর নিজের অভিমত প্রকাশ করেন স্যান্ডবার্গ। আর কোনো শিশুকে এমন প্রশ্ন করতে হবে না বলে আশা প্রকাশ করেন ফেইসবুকের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই ‘একাকী জননী’।
সাবেক এই গুগল কর্মী বলেন, "আমরা আমার মেয়ের এই প্রশ্নকে অতীতে ফেলে আসার সম্ভাবনায় নিয়ে এসেছি। আমার সন্তানদের সঙ্গে এই ঐতিহাসিক মূহুর্ত দেখার সময় আমি আমাদের অতীত আর তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছি।"
হিলারির স্বামী বিল ক্লিনটন যখন মার্কিন প্রেসিডেন্ট, তখন রাজস্ব বিভাগে কাজ করেন স্যান্ডবার্গ। নিজের লেখা বইয়ের মাধ্যমে তিনি কর্মক্ষেত্রে নারীরা যাতে একে অপরকে সহায়তা করেন আর পদোন্নতি ও বেতন ভাতা বাড়ানোর জন্য পরামর্শ দেন সে বিষয়ে উৎসাহ দেন, এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।
হিলারির সমর্থনে তিনি জানান, হিলারি আমেরিকান নারীদের সমান ভাতা ও কর্মক্ষেত্রে সমতা আদায়ে সহায়তা করবেন। সেইসঙ্গে ডেমোক্রেট প্রার্থী "প্রত্যেকেই তাদের অতীত, লিঙ্গ, বর্ণ আর যৌন পরিচয়-কে ফেলেই নিজেদের কার্যক্ষমতা অনুযায়ী ফলাফলে পৌছাতে পারবে, এমন একটি সমাজ" তৈরিতেও সহায়তা করবেন বলে মত স্যান্ডবার্গ-এর।
আমেরিকান পরিবারগুলোর মধ্যে স্বামীহারা নারীর সংখ্যা ভালভাবেই বাড়ছে। হিলারি এ বিষয়ের দিকেও নজর দেবেন বলে জানান তিনি। স্বামীহারা নারীদের পরিচালনায় থাকা ৪০ শতাংশ পরিবার দারিদ্র বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, হিলারির প্রতি নিজের সমর্থনকে বহুমুখী হিসেবে দাবি করেছেন স্যান্ডবার্গ। তিনি বলেন, "হিলারির প্রতি আমার সমর্থন শুধু তিনি একজন নারী এজন্য নয়। এর কারণ হচ্ছে তিনিই সবচেয়ে যোগ্য প্রার্থী-- আর তিনি সেই নেতা যাকে আমাদের দরকার।"
অভিবাসন, বৈচিত্রতা আর অর্থনীতির জন্য হিলারি সর্বোত্তম পছন্দ বলে মত স্যান্ডবার্গের।
