বিদেশীদের সঙ্গে ডেটা শেয়ার করবে যুক্তরাষ্ট্র?
বিদেশী সরকারের সহায়তায় নতুন একটি সাংবিধানিক প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন। এই প্রস্তাবের মাধ্যমে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে অপরাধ তদন্তের স্বার্থে ভিনদেশি সরকারগুলোর সঙ্গে ইমেইল ডেটা আর বিভিন্ন রেকর্ডকৃত ফোনালাপ শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি ফেডারেল আপিল আদালত এক রায়ে জানায়, মার্কিন সরকার মাইক্রোসফটকে যুক্তরাষ্ট্রের বাইরের সার্ভারে রাখা তাদের গ্রাহকদের ইমেইল ডেটা সমর্পণে বাধ্য করতে পারে না। এর ঠিক একদিনের মাথায় এই প্রস্তাব দেওয়া হল।
এই প্রস্তাব কার্যকর করতে হলে, মার্কিন কংগ্রেস-কে তাদের কয়েক দশকের পুরানো ইলেকট্রনিক যোগাযোগ আইন পরিবর্তন করতে হবে। সেইসঙ্গে বাইরের দেশগুলোর সরকারের সম্মতিও প্রয়োজন হবে।
এ নিয়ে করা এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন চুক্তিতে যেতে 'সবার আগে আগ্রহী' দেশ হিসেবে যুক্তরাজ্য-কে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য আলোচনায় ইতোমধ্যে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একটি দল উৎসাহিত হওয়ার কথা জানিয়েছে।
'বড় বড়' প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর 'প্রতিনিধিত্ব' করা গ্রুপ, রিফর্ম গভর্মেন্ট সার্ভেইল্যান্স-এর পক্ষ থেকে বলা হয়, "একটি শক্তিশালী আইনি ফ্রেইমওয়ার্ক আইন-শৃংখলা রক্ষাকারী সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ কাজ করা নিশ্চিতের সময় অবশ্যই প্রাইভেসি আর মানবাধিকারের মূল্য দেবে।"
বাইরের অনেক দেশগুলোয় ওয়ারেন্ট-এর ব্যবহারে পর্যাপ্ত বিচারিক ক্ষমতা 'আরোপ করা হয় না', এমন উদ্বেগ প্রকাশ করে এ ধরনের দ্বিপাক্ষিক চুক্তির সমালোচনাও করেছেন কিছু প্রাইভেসি সমর্থক।
বর্তমানে যে চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের আইন শৃংখলাবাহিনীর মধ্যে দেশের বাইরে জমাকৃত ডেটায় অ্যাকসেস দেওয়া হয়, তা 'মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি’স' বা 'এমএলএটি' নামে পরিচিত।
"বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল", মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন-কে লেখা বার্তায় এমনটাই বলেন দেশটির রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী পিটার ক্যাডজিক। তিনি বলেন, "যদি বিদেশী সরকারগুলো তাদের আইন শৃংখলাবাহিনীর সন্ত্রাসী কার্যক্রম তদন্তে ও বৈধ প্রয়োজনে ডেটা অ্যাকসেস করতে না পারে, তারা হয়তো তাদের এলাকায় ডেটা জমা করতে প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করতে আইন বানাতে পারে।"
