সাইবার নিরাপত্তায় ওবামা'র জোর
স্মার্টফোন ও অন্যান্য আধুনিক প্রযুক্তির যুগে মার্কিন যুক্তরাষ্ট্রে সাইবার নিরাপত্তা জোরদার করায় গুরুত্বারোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।
হ্যাকাররা দেশটির প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে সাইবার আক্রমণ চালানোর চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে স্পেনের মাদ্রিদে রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "ব্যাপারটি নিয়ে আমি উদ্বিগ্ন, আমার মনে হয় না আমরা অভেদ্য অবস্থায় আছি। আমাদের আরও ভাল করতে হবে, ভুল থেকে শিখতে হবে। আমরা জানি যে, হ্যাকাররা হোয়াইট হাউসে আক্রমণের চেষ্টা চালিয়েছে।"
রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন অবস্থায় তার ইমেইল সার্ভারে বিদেশী ‘অভিনেতারা’ প্রবেশ করেছেন - এফবিআই প্রধান এ খবর জানানোর পর থেকেই দেশটিতে সাইবার নিরাপত্তাবিষয়ক নানা উদ্বেগের সূচনা ঘটে।
এর আগে চলতি বছর ফেব্রুয়ারি-তে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, সাইবার হুমকি প্রতিরক্ষায় যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তার জন্য যুক্তরাষ্ট্র এখনও প্রস্তুত নয়। আর এ খাতে উন্নয়ন করা একটি জটিল কাজ যার জন্য বাড়তি সময় দিতে হবে বলে মনে করেন তিনি।
সে সময় আরও জানা যায়, সাইবার নিরাপত্তার উন্নয়নে চলতি বছরের শেষের দিকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেবে দেশটি। দুই উপদেষ্টার সঙ্গে ওভাল অফিসে বৈঠকের পর ওই পরিকল্পনা সম্পর্কে এমন মত দেন মার্কিন প্রেসিডেন্ট।
