২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তার সব গাড়িই হবে বৈদ্যুতিক: ব্র্যানসন

অদূর ভবিষ্যতেই জীবাশ্মজ্বালানীচালিত গাড়ির উপযোগিতাকে ছাড়িয়ে যেতে পারে বিদ্যুৎচালিত গাড়ি- এমনটাই মন্তব্য করেছেন ব্রিটিশ বহুজাতিক প্রতিষ্ঠান ভার্জিন গ্রুপের প্রধান স্যার রিচার্ড ব্র্যানসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ ইফতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 08:39 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

২০১৫-২০১৬ ফর্মুলা ই মোটরস্পোর্টস সিরিজের অংশ হিসেবে ব্যাটারসি পার্কে লন্ডন ইপ্রি-এ এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিএনএন-এর সঙ্গে সাক্ষাতকারেও তিনি বলেন, "ফর্মুলা ই ভবিষ্যতের দিকেই সীমা প্রসারিত করছে। এ রেইস কারগুলো নিয়ে আমরা যা করছি, তা এ প্রযুক্তিকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করাচ্ছে যে একদিন সাধারণ গাড়িগুলো ব্যাটারি রিচার্জ করা ছাড়াই শত শত মাইল রাস্তা পাড়ি দিতে পারবে।"

এ ছাড়াও বিদ্যুৎচালিত গাড়ির সংখ্যা বৃদ্ধিতে সরকারি ভূমিকা কী হতে পারে তাও উঠে আসে তার বক্তব্যে। তিনি বলেন, "যদি সরকার কিছু মূলনীতি ঠিক করে দেয়, যেমন: ১০ বছরের মধ্যেই ৫০ শতাংশ এবং ১৫ বছরের মধ্যেই শতভাগ গাড়িই ব্যাটারিচালিত হতে হবে - তবে তা সম্ভব করা অসাধ্য নয়।"

ভার্জিন ব্লগে এক পোস্টে তিনি আরও বলেন, "আমি সত্যিই বিশ্বাস করি যে খুব শীঘ্রই সবাই বিদ্যুৎচালিত গাড়ি চালাবে, আর এ স্পোর্টের মধ্য দিয়ে আসা অগ্রগতিই এ স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করবে।" এ ছাড়াও লন্ডনের মতো প্রধান প্রধান শহরগুলোতে ফর্মুলা ই স্ট্রিট-রেইসিং চালু করা হলে তা বিদ্যুৎচালিত গাড়ির ব্যাপক প্রসারের জন্য সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।

ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট জানায়, ২০১৪ সালে এফআইএ ফর্মুলা চ্যাম্পিয়নশিপ চালুর প্রথম সিজন থেকেই ব্র্যানসনের ডিএস ভার্জিন রেইসিং টিম এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে। এ ছাড়াও পরিবেশবান্ধব যাতায়াত মাধ্যম এবং টেকসই প্রযুক্তি উদ্ভাবন আন্দোলন কর্মকাণ্ড চালিয়ে আসছে।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি'র বরাতে ব্রিটিশ দৈনিকটি জানায়, ২০১৫ সালে বিশ্বব্যাপী মোট গাড়ি সংখ্যার ০.১ শতাংশ বিদ্যুৎচালিত হলেও ২০২২ সাল নাগাদ দুই কোটি বিদ্যুৎচালিত গাড়ি রাস্তায় ছাড়া হবে। যার ফলে এই হার ১.৭ শতাংশে গিয়ে দাঁড়াবে। এ ছাড়াও তেল চালিত গাড়িগুলোর তুলনায় এ গাড়িগুলো তুলনামূলক সস্তা হবে, এবং ২০২৩ সালের মধ্যেই তেলের চাহিদা দৈনিক ২০ লাখ ব্যারেল হ্রাস পাবে। ২০৪০ সালের মধ্যেই বাজারের এক-তৃতীয়াংশই দখল করে নেবে চার কোটির বেশি বিদ্যুৎচালিত গাড়ি, যা ২০১৫ সালে এর সংখ্যার তুলনায় ৯০ গুণ।