টেসলার শেয়ার বাড়ালো মাস্ক-এর টুইট
টেসলার 'অত্যন্ত গোপন প্রধান পরিকল্পনা' নিয়ে শীঘ্রই দ্বিতীয় অংশ প্রকাশের ইচ্ছা নিয়ে ইলন মাস্কের টুইট বার্তার প্রেক্ষিতে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য বেড়েছে চার শতাংশ। ১০ জুলাই মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক বার্তায় টেসলার পরিকল্পনা প্রকাশের কথা জানান প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মাস্ক।
বিবিসি জানিয়েছে, মাস্কের 'মাস্টারপ্ল্যান' টুইট বার্তা প্রকাশের পরই প্রতিষ্ঠানের শেয়ারমূল্য বেড়েছে চার শতাংশেরও বেশি। খুব শীঘ্রই পরিকল্পনা প্রকাশ করার অঙ্গীকার করলেও পরিকল্পনা বিষয়ে কোন ইঙ্গিত দেননি তিনি।
বেশ কয়েক সপ্তাহ ধরেই টেসলার অটোপাইলট দূর্ঘটনার কারণে বিতর্কের মুখে রয়েছে প্রতিষ্ঠানটি। এমনকি আবারও গাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা পূরণে ঘাটতির সম্মুখীন হচ্ছে টেসলা।
প্রতিষ্ঠানের এমন অবস্থায় মাস্কের টুইট বিনিয়োগকারীদেরকে অনুপ্রেরণা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওয়াল স্ট্রিট বিশ্লেষক ইফ্রেইম লেভি বলেন, "অনেক টেসলা ভক্ত আছেন যারা এই শেয়ার কিনতে চান। সেখানে প্রতিষ্ঠানের নতুন 'মাস্টারপ্ল্যান'-এর বিষয়টি তাদের মাথায় রয়েছে। কিন্তু প্রাথমিক ভাবে আমি মনে করি, এটি একটি দামী শেয়ার।"
ওই টুইটে মাস্ক বলেন, "টপ সিক্রেট টেসলা মাস্টারপ্ল্যান, পার্ট ২ নিয়ে কাজ করছি। চলতি সপ্তাহের শেষে এটি প্রকাশের আশা করছি।"
২০০৬ সালের অগাস্টে 'কম দামী পারিবারিক গাড়ি' তৈরির পরিকল্পনার কথা প্রথমবার জানিয়েছিলেন মাস্ক। এবছরের ৩ এপ্রিল টেসলা 'মডেল ৩' উন্মোচন করা হয়। ইতোমধ্যেই গাড়িটির চার লাখ প্রি-অর্ডার পেয়েছে টেসলা।
প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চুপ থাকলেও টেসলা গাড়ির অটোপাইলট বিড়ম্বনা নিয়ে বেশ কিছু টুইট করেন তিনি। গত সপ্তাহেই পেনিসিলভানিয়াতে তাদের আরেকটি গাড়ির দূর্ঘটনার দায় স্বীকার করেনি টেসলা। এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, "আপাতত আমদের কাছে থাকা তথ্যের উপর ভিত্তি করে বলা যেতে পারে, এই দূর্ঘটনার সঙ্গে অটোপাইলট জড়িত এমনটা বিশ্বাস করার কোনো কারণ নেই।"
