গুগলের অবস্থানে শঙ্কিত ওয়াল স্ট্রিট
গুগলের সর্বশেষ প্রান্তিকের ফলাফল নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ওয়াল স্ট্রিট বিশ্লেষকেরা।
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এক চিঠিতে স্যানট্রাস্ট-এর রবার্ট পেক অ্যালফাবেট-এর কমতে থাকা আয়ের কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটির আগামী ২৮ জুলাইয়ের ঘোষণা প্রত্যাশার তুলনায় কিছুটা হতাশাজনক হতে পারে বলে মন্তব্য করেন।
সম্প্রতি যুক্তরাজ্যের ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়ে যাওয়ার (ব্রেক্সিট) ফলেও এতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলেও জানান তিনি, কারণ গুগলের মোট আয়ের বিশ শতাংশ আসে ইউরোপ থেকে, আর তার মধ্যে নয় শতাংশই যুক্তরাজ্যের অবদান। এ ছাড়াও গুগলের অর্থ ব্যয়ের পদ্ধতিতেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি চিঠিতে বলেন, "ডিস্ট্রিবিউশন টিএসি-এর বৃদ্ধির ব্যাপারে বিনিয়োগকারীরা এখনও উদ্বিগ্ন। ওয়ানকিউ-তে এতে ৩৩ শতাংশ বৃদ্ধি প্রত্যাশাকে ছাড়িয়ে যায়, এখানে আয় বৃদ্ধির পরিমাণ ছিল ২০ শতাংশ। এই নিয়ে টিএসির নিরবচ্ছিন্ন ক্রমবৃদ্ধির তৃতীয় প্রান্তিক পার হলো।"
এর পেছনে গুগলের মোবাইল ও প্রোগ্রামেটিক বিজ্ঞাপনকে দায়ী করেন তিনি। এ ছাড়াও অ্যাপলের সঙ্গে গুগলের পুনর্বিবেচিত চুক্তি বিনিয়োগে ঝুঁকির সৃষ্টি করতে পারে বলেও জানান তিনি।
বিজনেস ইনসাইডার জানায়, গুগল এর বিজ্ঞাপনগুলো এর অংশীদার প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে প্রদর্শনের জন্য এদের বিজ্ঞাপন থেকে মোট আয়ের ২১ শতাংশ দিয়ে থাকে, অঙ্কের হিসেবে যা ৩৮০ কোটি ডলার। তবে গুগলকে আইফোনের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে চালু করতে প্রতিষ্ঠানটি অ্যাপলকে এক শতকোটি ডলার দেয়, এবং এ ধরনের চুক্তিতে ডিস্ট্রিবিউশন অংশীদারদের জন্য গুগলের টিএসি দাঁড়ায় মোট আয়ের শতকরা ৩৩ ভাগ।
