২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা জোরদারে সুইফটের পদক্ষেপ

হ্যাকারদের বিরুদ্ধে নিজদেরে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাপী অনেক ব্যাংকে ব্যবহৃত মেসেজিং সিস্টেম সুইফট। এই নেটওয়ার্ক ব্যবহার করে অপরাধীরা জাল লেনদেন সম্পন্ন করার ঘটনার পর এমন সিদ্ধান্ত নিল প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2016, 09:33 PM

Updated : 20 Aug 2022, 01:10 PM

দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন জানিয়েছে, তারা দুটি বাইরের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে। এই দুটি প্রতিষ্ঠান হচ্ছে বিএই সিস্টেম আর ফক্স-আইটি২। গ্রাহকদের মধ্যে সাইবার প্রতিরক্ষার "সর্বোত্তম অনুশীলন" ছড়িয়ে দিতে তারা একটি জোট গঠন করেছে বলেও জানায় রয়টার্স।

চলতি বছর ফেব্রুয়ারিতে হ্যাকাররা সুইফট নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ হাতিয়ে নেয়। এই নেটওয়ার্ককে আন্তর্জাতিক আন্তঃব্যাংকিং অর্থ লেনদেনের 'মেরুদণ্ড' হিসেবে বিবেচনা করা হয়।

সোমবারের ঘোষণায় সুইফট আরও জানায়, তারা গ্রাহকদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাগুলো খতিয়ে দেখতে একটি ফরেনসিক অ্যান্ড কাস্টমার সিকিউরিটি ইনটেলিজেন্স দল গঠন করেছে। হ্যাকারদের সঙ্গে কীভাবে সবচেয়ে ভালোভাবে লড়তে হয় তা নিয়ে গ্রাহকদের সঙ্গে 'গোপন' তথ্য শেয়ার ও সংগ্রহে এই দলটি সহায়তা করবে।

সুইফটের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ক্রেইগ ইয়ং জানিয়েছেন, জালিয়াতির চেষ্টা চালানো হয়েছে এমন ঘটনাগুলোতে ব্যাংকগুলো থেকে পাওয়া তথ্য নতুন ম্যালওয়্যার শনাক্ত করতে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ'। এক বিবৃতিতে তিনি বলেন, "আমরা এ কারণে গ্রাহকদের স্মরণ করিয়ে দেওয়ার বিষয়টি অব্যাহত রাখতে চাই যে, এ ধরনের কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব সুইফট-কে জানাতে, এ সংক্রান্ত সব তথ্য আমাদের সঙ্গে শেয়ার করতে বাধিত থাকে, যাতে আমরা সব সুইফট ব্যবহারকারীদের সহায়তা করতে পারি।"