২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুইলচেয়ারে এক্সবক্স গেইমের চরিত্র

এক্সবক্স ওয়ানের গেইমের চরিত্রগুলোর জন্য হুইলচেয়ার আনার পরিকল্পনা করছে মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2016, 09:41 PM

Updated : 20 Aug 2022, 01:10 PM

মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন এক্সবক্স প্রধান ফিল স্পেনসার।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, চরিত্রগুলোর জন্য হুইলচেয়ার অপশন আনতে পিটিশন করার সম্ভাবনা নিয়ে আলোচনা করছিলেন এক টুইটার ব্যবহারকারী। তার উদ্দেশ্যে ফিল বলেন, "কোনো পিটিশন দরকার নেই, আমরা আপনাদের শুনতে পাচ্ছি। এটি এমন কিছু, যা নিয়ে ইতোমধ্যে আমরা দেখছি, খুব দেরি নেই।"

এর কিছুক্ষণ পর, এক্সবক্স-এর শীর্ষ প্রকৌশলী মাইক ওয়াইবাররা একটি টুইটে আসন্ন আপডেট নিয়ে আভাস দেন। এতে দুইটি এক্সবক্স চরিত্রকে হুইলচেয়ারে দেখা যায়।

ঠিক কবে নাগাদ এই আপডেট আনা হবে তা নিয়ে কিছু বলা হয়নি।

চলতি বছর অগাস্টে এক্সবক্স ওয়ান আর পিসি-এর জন্য পরবর্তী বড় আপডেট 'অ্যানিভার্সারি' আনা হচ্ছে। ওই আপডেটে নতুন এই অপশন যোগ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে জুনে এক খবরে জানা যায়, চলতি বছর অগাস্টে `এক্সবক্স ওয়ান এস' নামের এই ভিডিও কনসোল মুক্তি পাবে। এক্সবক্স নির্মাতারা 'প্রোজেক্ট স্করপিও' নামের নতুন একটি কনসোলেরও ঘোষণা দিয়েছে, যেখানে থাকবে ভার্চুয়াল রিয়ালিটি এবং ৪কে গেইমিংয়ের সুবিধা, জানিয়েছে বিবিসি। এর মুক্তির সম্ভাব্য সময় ২০১৭ সালের বড়দিন ধরা হলেও, মূল্য সম্পর্কে বিস্তারিত কোন তথ্য দেওয়া হয়নি।

এক্সবক্স ওয়ান এস-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৯ মার্কিন ডলার, যাতে থাকছে আগের চেয়ে উজ্জ্বল এবং আরও বেশি রঙ-সমৃদ্ধ হাই ডায়নামিক রেইঞ্জ (এইচডিআর) গেইমিংয়ের সুবিধা। এই ডিভাইসের ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, এতে ৪কে ডিভিডি এবং ব্লু-রে প্লেব্যাক এর সুবিধা থাকছে। একজন গবেষক অবশ্য মত দিয়েছেন, গেইমাররা এক্সবক্স ওয়ান-এর পরে এতো দ্রুতই আরেকটি নতুন কনসোলের জন্য প্রস্তুত নাও থাকতে পারে। ওভাম-এর গেইম ইন্ডাস্ট্রি গবেষক এড বার্টনের মতে, এরকম ‘মাঝপথেই’ অথবা সম্পূর্ণ নতুন ডিভাইস মুক্তি দেওয়ার আগেই কনসোলের নতুন সংস্করণ বের করাটা অস্বাভাবিক।