টেসলাকে 'অনুমোদন দেবে না' জার্মানি
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলা-এর স্বচালিত ব্যবস্থা যদি বেটা সংস্করণেই থাকে, তবে তা অনুমোদন করবে না জার্মানির মটরযানবিষয়ক সংস্থা ফেডারেল অফিস ফর মটর ভেইকলস (কেবিএ), জার্মান সংবাদপত্র ভেল্ট আম সনট্যাগ-কে এমনটাই জানিয়েছে সংস্থাটি।
মে মাসে যুক্তরাষ্ট্রে টেসলা মডেল এস সেডান গাড়ির দূর্ঘটনার পর, মার্কিন প্রতিষ্ঠানটির আংশিক স্বচালিত অটোপাইলট ফিচার আণুবীক্ষনিক পর্যবেক্ষণের মধ্যে পড়ে, এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
ইউরোপের মধ্যে নেদারল্যান্ডসে এই স্বচালিত ব্যবস্থা অনুমোদন পেয়েছে। তবে, জার্মানি ইউরোপের সবচেয়ে বড় গাড়ির বাজার হওয়ায়, কেবিএ এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তা গুরুত্বপূর্ণ বলে ওই প্রতিবেদনে জানানো হয়।
জার্মান দৈনিকে কেবিএ-এর দেওয়া উদ্ধৃতিতে বলা হয়, "যদি বেটা-ফেইজ শব্দটি দিয়ে সফটওয়্যারটি অপূর্ণতা বোঝানো হয়, কেবিএ এমন ফাংশনের অনুমোদন দেবে না।"
শুক্রবার টেসলা জানায়, তারা কেবিএ-এর সঙ্গে এ নিয়ে কাজ করছে।
অন্যদিকে, বার্লিনের মন্ত্রণালয় জানিয়েছে, তারা 'কারিগরি বিষয়গুলো পরিষ্কারে' কাজ করছে। তবে, কর্তৃপক্ষকে যথাযথভাবে তথ্য না দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত পরিচালনার বিষয়টি অস্বীকার করেছে মন্ত্রণালয়।
