সরাসরি সম্প্রচারই টুইটারের ভবিষ্যৎ?
ভবিষ্যতে কনটেন্ট সরাসরি সম্প্রচার করার দিকেই নজর দেওয়া হবে, বিষয়টি স্পষ্ট করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি খেলাধূলার দিকেই বেশি নজর দেবে।
ইতোমধ্যেই চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল)-এর সঙ্গে সরাসরি সম্প্রচারের বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে। সেইসঙ্গে প্রতিষ্ঠানটি সম্প্রতি উইম্বলডন টেনিস-এর পরীক্ষামূলক সরাসরি সম্প্রচারও চালু করে।
মার্কিন যুক্তরাষ্ট্রে রাগবি খেলাকে ফুটবল নামে ডাকা হয়।
এই চুক্তিগুলো প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ যাত্রার শুরু বলে ভাষ্য মার্কিন সাময়িকী ফরচুন-এর। সাম্প্রতিক কিছু প্রতিবেদনের সূত্রমতে, টুইটার সরাসরি ক্রীড়া আয়োজন সম্প্রচারের লক্ষ্যে আরও ১০টির মতো চুক্তি করতে চাচ্ছে। আর এর মধ্যে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে মেজর সকার লিগ পর্যন্ত সবই রয়েছে।
প্রযুক্তি সাইট রিকোড জানায়, টুইটার শুধু লিগ আয়োজকদের সঙ্গেই আলোচনা করছে না। সেইসঙ্গে তারা মেজর-লিগ বেইসবল, এনসিএএ-এর মতো বিভিন্ন খেলা সম্প্রচারের সত্ত্বাধিকার টার্নার ব্রডকাস্টিংয়ের সঙ্গেও আলোচনা করছে। টার্নারের একটি ইস্পোর্টস লিগও রয়েছে, এতে পেশাদার ভিডিও গেইমারদের প্রতিযোগিতার আয়োজন করা হয়। টুইটার এই প্রতিযোগিতাও সরাসরি সম্প্রচারে আগ্রহী হতে পারে।
টুইটার যে শুধুই খেলাধূলার দিকে আগ্রহী হচ্ছে তা নয়। বিপণন খাতবিষয়ক সাময়িকী অ্যাড এইজ জানিয়েছে, টুইটার রাজনৈতিক ক্ষেত্রেও সরাসরি সম্প্রচার সেবা দেওয়ার কথা বিবেচনা করছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এমন পদক্ষেপ নেওয়া হতে পারে।
এনএফএল-এর সঙ্গে করা চুক্তিতে সবগুলো খেলার সম্পূর্ণ সরাসরি সম্প্রচার অন্তর্ভূক্ত। ২০১৬ সালের এই আয়োজন সরাসরি সম্প্রচারের সত্ত্ব বিক্রিতে টুইটারের কাছ থেকে আনুমানিক এক কোটি ডলার নিয়েছে আয়োজকরা। কিন্তু একই সত্ত্বের জন্য সিবিএস আর এনবিসি-এর কাছ থেকে নেওয়া হয়েছে ৪৫ কোটি ডলার।
টুইটার দর্শকদের জন্য শুধু 'দ্বিতীয় পর্দা' হওয়ারঅ চেষ্টা করছে না, বরং তারা প্রথম পর্দায় পরিণত হওয়ার জন্যও জোর দিচ্ছে।
