সাইবার হামলার শিকার ওয়েন্ডি’স
জনপ্রিয় মার্কিন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েন্ডি'স-এ বড় আকারের সাইবার আক্রমণ চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
ওহাইও রাজ্যভিত্তিক এই প্রতিষ্ঠানটি ২০১৬ সালের প্রথমদিক থেকেই এমন সন্দেহভাজন কার্যক্রমের বিষয়টি লক্ষ্য করে। কিন্তু আক্রমণের মাত্রা প্রাথমিক অনুমানের চেয়ে অনেক বেশি হয়েছে।
এই আক্রমণে প্রতিষ্ঠানটির কমপক্ষে ১০২৫টি রেস্তোঁরাকে লক্ষ্য হিসেবে নেওয়া হয়। সেইসঙ্গে হাতিয়ে নেওয়া হয়েছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের তথ্য।
কতজন ক্রেতা এই সাইবার হামলার শিকার হয়েছেন, তার হিসেব এখনও বের করতে পারেনি প্রতিষ্ঠানটি। কিন্তু সবগুলো হামলাই যুক্তরাষ্ট্রে হয়েছে বলে জানিয়েছে তারা।
আক্রান্ত স্থানগুলোর সেল সিস্টেম পয়েন্টে ম্যালওয়ার ইনস্টল করা হয়েছিল বলে জানায় বিবিসি।
আন্তর্জাতিক এই খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানটি নিশ্চিত করে জানিয়েছে, থ্রেটটি সরিয়ে ফেলা হয়েছে এবং এখন ক্রেতাদের বিভিন্ন ধরনের সহায়তা প্রস্তাব করা হচ্ছে। প্রস্তাবিত সহায়তাগুলোর মধ্যে 'সৌজন্যপূর্ণ' এক বছরের জালিয়াতি নিরাপত্তা সেবা অন্তর্ভুক্ত।
