নারী শিক্ষায় যুক্তরাজ্য
বিশ্বব্যাপী এক লাখ পঁচাত্তর হাজার দরিদ্র মেয়ের শিক্ষাসহায়তার লক্ষ্যে দশ কোটি ইউরো অর্থসাহায্য প্রদানের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ, ডিএফআইডি (বা সংক্ষেপে ডিফিড)। এই অর্থের একটি অংশ খরচ হবে শিক্ষার জন্য প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে।
এ অর্থে শিক্ষার্থীদের উপস্থিতির হিসেব রাখা এবং পরিবারের মেয়ে শিশুদের স্কুলে পাঠানোর জন্য অর্থসহায়তা যোগান দেওয়া হবে। এ ছাড়াও গ্রামের স্কুলগুলোতে ইন্টারনেট সেবা প্রদানের উদ্দেশ্যে স্যাটেলাইট ব্রডব্যান্ড স্থাপন করা হবে।
বিবিসি জানায়, এ অর্থ প্রধানত ইথিওপিয়া, নাইজেরিয়া, মালাউয়ি ও রুয়ান্ডাসহ সাব-সাহারান আফ্রিকার দেশগুলোতে এবং আফগানিস্তান, মায়ানমার ও নেপালে `আইএমল্যাঙ্গো’ শিক্ষা কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হবে।
আইএমল্যাঙ্গো প্রোগ্রামটি বর্তমানে কেনিয়ায় ২০০টিরও বেশি স্কুল নিয়ে কাজ করছে। এই প্রোগ্রামে রয়েছে:
অ্যান্ড্রয়েড ট্যাবলেট ও কন্টাক্টবিহীন অ্যাটেন্ডেন্স কার্ড - এর সাহায্যে শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখতে পারবেন স্কুল কর্তৃপক্ষ। এই হিসেব থেকে মেয়ে শিক্ষার্থীদের পরিবারকে শর্তসাপেক্ষ অর্থসাহায্য প্রেরণ করা হবে।
স্যাটেলাইট ব্রডব্যান্ড - অঞ্চলগুলোতে দ্রুতগতির ইন্টারনেট সংযোগের সাহায্যে প্রযুক্তির ব্যবহার পৌঁছে দেওয়া সম্ভব হবে।
ইন্টারঅ্যাকটিভ শিখন ব্যবস্থা - এর সাহায্যে ইংরেজি, গণিত এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় নানা দক্ষতা রপ্ত করবে শিক্ষার্থীরা। এ প্রক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনার ফলে স্কোর শতকরা ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে নানা পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে।
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ মন্ত্রী নিক হার্ড বলেন, "শুধু আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমেই আমরা প্রত্যেক মেয়ে শিশুর কাছে পৌঁছাতে পারবো। এরই মধ্যে যুক্তরাজ্যের অর্থসাহায্যে পরিচালিত অ্যাটেন্ডেন্স মনিটরিং সফটওয়্যার, স্যাটেলাইট ব্রডব্যান্ড কানেকটিভিটি এবং ইন্টারঅ্যাকটিভ শিখন ব্যবস্থার সাহায্যে আমরা স্কুলগুলোতে উপস্থিতির হারে ১৫ শতাংশ বৃদ্ধি দেখতে পেয়েছি।"
বিবিসি জানায়, লন্ডনের গার্লস' এডুকেশন ফোরামে সর্বপ্রথম এ বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।
