অঙ্গ প্রতিস্থাপন: জবসে 'উদ্বুদ্ধ' কুক
প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী স্টিভ জবস থেকে 'অনুপ্রাণিত হয়েই' অঙ্গ প্রতিস্থাপন খাতে নতুন সেবা যোগ করছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধান টিম কুক।
সম্প্রতি মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল এক ঘোষণায় জানায় তারা নিবন্ধনভুক্ত অঙ্গদানকারীদের নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি শরীরের অঙ্গ, চোখ, কোষদাতা মার্কিনিদের তাদের আইফোন অ্যাপের মাধ্যমে সাইন আপ করার সু্যোগ দেবে।
প্রতিষ্ঠানটি এই গ্রীষ্মকাল থেকেই এই সেবা দেওয়া শুরু করছে। ব্যবহারকারীরা আইফোনের প্রি-ইনস্টল করা হেলথঅ্যাপে একটি বাটন চেপে একজন জাতীয় নিবন্ধিত ডোনার হয়ে যেতে পারবেন, জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জানান, এই নতুন প্রক্রিয়াটি সাবেক প্রধান নির্বাহী স্টিভ জবস থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে। অ্যাপলের এই প্রতিষ্ঠাতা যখন প্যানক্রিয়েটিক ক্যান্সার রোগের সঙ্গে লড়ছিলেন তখন তার যকৃত প্রতিস্থাপন করা হয়।
সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় অ্যাপল জানায়, ১২০০০০-এরও বেশি মার্কিনি এ ধরনের জটিল অঙ্গ প্রতিস্থাপন-এর জন্য অপেক্ষা করছে। অ্যাপল-এর বর্তমান প্রধান কুক-এর জন্য এই অভিজ্ঞতাটি 'পরিচিত', কেননা ২০০৯ সালে 'যন্ত্রনাদায়ক' অপেক্ষার মাধ্যমে অ্যাপলের ডিভাইস কল্পনাকারী স্টিভ জবস-এর অঙ্গ প্রতিস্থাপিত হয়।
অ্যাপল শক্তিশালী এবং দৃঢ় স্বাস্থ্য প্রযুক্তি তৈরি করছে। ২০১৬ সালের প্রথম দিকে, পর্যবেক্ষক তিম ব্যাজারিন অ্যাপলকে উদ্দেশ্য করে বলেন, “অ্যাপল স্বাস্থ্যসেবা প্রযুক্তির উন্নতির মাধ্যমে ব্যবহারকারীর সবধরনের স্বাস্থ্য উন্নত করার লক্ষ্যে নেমেছে।“
