২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসল্যান্ডের বিরুদ্ধে মামলা ব্লিজার্ডের

জনপ্রিয় এফপিএস গেইম 'ওভারওয়াচ'-এর 'চিট' টুল বানানোর দায়ে জার্মান প্রতিষ্ঠান বসল্যান্ড-এর বিরুদ্ধে মামলা করেছে গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান ব্লিজার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ ইফতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2016, 02:55 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

বিবিসি জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক আদালতে জার্মান প্রতিষ্ঠানটির বিরুদ্ধে 'ওভারওয়াচ'সহ ব্লিজার্ডের আরও কয়েকটি গেইমের হ্যাক বানানোর মাধ্যমে ব্লিজার্ড-কে লাখ লাখ ডলার ক্ষতির সম্মুখীন করার অভিযোগ আনা হয়। 'ওভারওয়াচ'-এর জন্য বসল্যান্ড চিট টুল 'ওয়াচওভার টাইর্যাযন্ট' গেইমারদের জন্য শত্রুদের দৃশ্যমান করে দেওয়াসহ আরও কিছু সুবিধা দিয়ে থাকে।

এক বিবৃতিতে ব্লিজার্ড জানায়, "ব্লিজার্ড সব রকম দক্ষতার গেইমারদের কাছে এর গেইমগুলোর উপভোগ্যতা এবং ন্যায্যতার ওপর ভিত্তি করে ব্যবসায় পরিচালনা করে থাকে। তা নিশ্চিত করতে যথেষ্ট সময় এবং অর্থ ব্যয় করে থাকে প্রতিষ্ঠানটি। বসল্যান্ড হ্যাকগুলো ব্লিজার্ড গেইমগুলোর একাগ্রতা নষ্ট করে ফেলে, যার ফলে সাধারণ গেইমারেরা বিচ্ছিন্ন ও হতাশাগ্রস্ত হয়ে পড়েন, আর ব্লিজার্ডের আয় বিবাদীপক্ষের দিকে সরে যায়।"

অন্যদিকে, বসল্যান্ড-কে যুক্তরাষ্ট্রের আদালতের এখতিয়ারের বাইরে বলে মত দিয়েছে আইনি প্রতিষ্ঠান বার্ড অ্যান্ড বার্ড-এর অংশীদার হাওয়ার্ড রুবিন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জিউতান লেতশিউ সংবাদ সাইট টরেন্ট ফ্রিককে জানান, সর্বশেষ মামলার বিষয়ে তিনি বিস্মিত। এ অভিযোগটি এখনও পর্যন্ত বসল্যান্ড-এর হাতে এসে পৌঁছায়নি উল্লেখ করে এ সিদ্ধান্ত নিতে ব্লিজার্ডের কেন "পাঁচ বছর" লেগে গেলো এ প্রশ্ন রাখেন তিনি।

এ মামলাটি ছাড়াও জার্মানিতে বসল্যান্ড-এর বিরুদ্ধে আরও ১০টি আইনি লড়াইয়ে লড়ছে ব্লিজার্ড। এর আগে এ ধরনের মামলায় ব্লিজার্ড জয়ী হলেও এ ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠানটি আদৌ সফল হবে কিনা সে বিষয়ে সন্দিহান বিশেষজ্ঞেরা।