ঝুঁকির মুখে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা
সম্প্রতি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে একটি বড় ধরনের নিরাপত্তা ত্রুটি আবিষ্কার করেছেন এক বিশেষজ্ঞ।
ইসরায়েলি ডিফেন্স ফোর্স-এর নিরাপত্তা গবেষক গ্যাল বেনিয়ামিনি জানান, ফুলডিস্ক এনক্রিপশন (এফডিই) সহ কোয়ালকম চিপযুক্ত অ্যান্ড্রয়েড গ্যাজেটগুলো সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।
ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানায়, অ্যান্ড্রয়েড ৫.০ সংস্করণ থেকেই এফডিই গুগল স্মার্টফোন সফটওয়্যারের সাইবার নিরাপত্তার অংশ হিসেবে রয়েছে। এতে ব্যবহারকারীর পাসওয়ার্ডের ওপর ভিত্তি করে একটি 'মাস্টার কি' সৃষ্টি হয়, যা সাইবার অপরাধী এমনকি সরকারি হস্তক্ষেপের হাত থেকে ফোনকে মুক্ত রাখে। তবে এই কোড ফোনে জমা রাখার পদ্ধতি এবং কোয়ালকম চিপযুক্ত অ্যান্ড্রয়েড ফোনে সফটওয়্যার কোডের ছোট ছোট অংশগুলোর সঙ্গে প্রসেসরের কার্যপ্রক্রিয়ার কারণে ফোন বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েই যায়।
স্যান বার্নার্ডিনো হত্যাকাণ্ডের ঘটনায় আইফোন আনলক নিয়ে এফবিআই এবং অ্যাপলের মধ্যে বিবাদের সূত্র ধরে এ নিরাপত্তা ত্রুটি প্রযুক্তিবিশ্বের নজরে আসে। বর্তমানে বেনিয়ামেনি এ সফটওয়্যার ত্রুটিগুলো দূর করতে গুগল এবং কোয়ালকমের সঙ্গে কাজ করছেন। এই ত্রুটি পুরোপুরিভাবে দূর করতে নতুন চিপসেট প্রয়োজন হতে পারে বলে দাবি করেন তিনি।
গুগলের এক মুখপাত্র ট্যাবলয়েডটিকে বলেন, "এ গবেষকের (বেনিয়ামেনি) কাজ প্রশংসনীয়, আর আমাদের 'ভালনারেবিলিটি রিওয়ার্ডস প্রোগ্রাম'-র মাধ্যমে তাকে আর্থিকভাবে সহায়তা দেওয়া হয়েছে। এ সমস্যাগুলোর জন্য এ বছরই আমরা 'প্যাচ' ছেড়েছি।"
এ ত্রুটি ব্যবহার করে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস হ্যাকিংয়ের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
