২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগলে হামলা, একজন আটক

মার্কিন যুক্তরাষ্ট্রে 'সন্দেহের বশে' টেক জায়ান্ট গুগলের মাউন্টেইন ভিউ সদর দপ্তরে হামলা চালিয়েছে এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ ইফতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2016, 04:21 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

মাউন্টেইন ভিউ পুলিশের বরাতে সিএনএন জানায়, অকল্যান্ডের বাসিন্দা ৩০ বছর বয়সী রাউল মুরিলো ডিয়াজ-কে ৩০ জুন মধ্যরাতে ফাঁকা গুগল ক্যাম্পাসের মধ্য দিয়ে গাড়ি চালানো অবস্থায় আটক করা হয়। তার গাড়িতে একটি বন্দুক এবং বোমা বানানোর কাঁচামাল খুঁজে পেয়েছে পুলিশ। ১৯ মে একটি গুগল স্ট্রিট ভিউ গাড়ি লক্ষ্য করে মলোটোভ ককটেল ছোঁড়ার ঘটনা ঘটে। ওই ঘটনা সম্পর্কিত পরবর্তী আরও দুটি ঘটনায় গুগল মালিকানাধীন ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত করার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। ডিয়াজ-এর শারীরিক গঠন ও তার চালিত গাড়িটি অন্যান্য নজরাদাড়ি ফুটেজ ও প্রতিবেদনের সঙ্গে মিলে যায়।

সিএনএন জানায়, ৪ জুন রাত সাড়ে এগারোটায় ‘কে বা কারা’ গুগলের একটি ভবনের জানালা লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এরপর ১০ জুন অন্য আরেকটি গুগল ভবনে একটি ছোট স্বচালিত গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তবে গাড়িটি গুগলের মালিকানাধীন নয় বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

মাউন্টেইন ভিউ পুলিশ এবং বুরো অফ অ্যালকোহল, টোবাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস পূর্ববর্তী ঘটনাগুলোর সঙ্গে ডিয়াজ-এর সম্পৃক্ততা খুঁজছেন। তবে, ডিয়াজ তার বিবৃতিতে এ ঘটনাগুলোতে তার ভূমিকার কথা স্বীকার করে আটকের আগে আরও একটি ভবনে গুলিবর্ষণের পরিকল্পনার কথা জানান।

মার্কিন যুক্তরাষ্ট্রের ডিসট্রিক্ট আদালতে দাখিলকৃত এক এফিডেভিটে জানানো হয়, গুগল ডিয়াজ-কে নজরে রাখছে- এ সন্দেহের বশবর্তী হয়েই তিনি প্রতিষ্ঠানটির ওপর হামলা চালান। এতে আরও বলা হয়, "গুগল যে সময়টায় তার ওপর নজর রেখেছে বলে মনে হয়েছে, সে হিসেব তিনি রেখে দিয়েছেন"।

এ প্রসঙ্গে গুগলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।