২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেক্সিট নিয়ে স্প্যামের বন্যা

ইউরোপিয়ান ইউনিয়নের গণভোটের ব্যাপারে ভুয়া উদ্বেগ প্রকাশ করে একটি ইমেইল স্প্যামারচক্র ব্রিটেনবাসির উপর ‘স্প্যাম মেইলের তুমুল বর্ষণ’ শুরু করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহরিয়ার হাসান পরশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 07:36 PM

Updated : 12 Apr 2022, 02:24 AM

বিবিসি জানিয়েছে, নতুন একটি ফিশিং আক্রমণ শুরু হয়েছে ব্রিটেনের অধিবাসীদের উদ্দেশ্যে। ফিশিংয়ের জন্য প্রেরণ করা মেইলের শিরোনামে রয়েছে 'ব্রেক্সিটের কারণে যুগান্তকারী ধ্বস নেমেছে বাজারে'।

ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে লন্ডনের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ডিজিটাল শ্যাডোজ-এর সহ-প্রতিষ্ঠাতা জেমস চ্যাপেল জানান, ভোটের দিন থেকেই এ ধরনের আক্রমণ তীক্ষ্ণতর হয়েছে। ব্যবহারকারীদেরকে উপদেশ দেওয়া হয়েছে এ ধরনের মেইলের সঙ্গে থাকা কোনো লিংক বা অ্যাটাচমেন্টে ক্লিক না করার।

নিরাপত্তা সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান সিমেনটেক-এর একজন মুখপাত্র বিবিসিকে জানান, সিমেনটেক-এর থ্রেট ইনটেলিজেন্স-এর গবেষকরা আবিষ্কার করেছেন, গণভোটের ফলাফলের দিন থেকে মেইলের শিরোনামে ব্রেক্সিট শব্দটি ব্যবহার করে স্প্যামের পরিমাণ ৩৯২ শতাংশ বেড়েছে। গ্রাহকদের অনুরোধে সিমেনটেক-এর আটকে দেওয়া ইমেইলের পরিমাণ ৯ জুন থেকে ২৩ জুন এবং ২৪জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে ৮১৩২৩টি থেকে বেড়ে ৩৯৯৮৯২টিতে দাঁড়িয়েছে।

ফিশিং আক্রমণের প্রথম ধাপে ব্যবহারকারীকে একটি ভুয়া বার্তা পাঠানো হয়, যেখানে তাদেরকে কোনো লিংকে ক্লিক বা অ্যাটাচমেন্ট ডাউনলোড করতে উৎসাহিত করা হয়। এ ধরনের লিংকে ক্লিক বা অ্যাটাচমেন্ট ডাউনলোড করলে ব্যবহারকারীর কম্পিউটারে ক্ষতিকর ভাইরাস ইনস্টল হয়ে যায়, যা পরবর্তীতে ঝুঁকিপূর্ণ সাইটে নিয়ে যায়।

মনোবিজ্ঞানী ডক্টর অ্যারন বালিক বলেন, "ব্রেক্সিটের নাম ভাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্বেগকে কাজে লাগিয়ে চমৎকারভাবে নিজেদের কাজ হাসিল করে নিচ্ছে চক্রটি। মানুষ আরও বেশি ঝুঁকির মুখে থাকে যখন মেইলে তাদেরকে সাহায্যের আশ্বাস দেয়া হয়"।