আস্কডটএফএম-এর মালিকানা ফের বদল
আবারও মালিকানা বদল হল প্রশ্নোত্তরভিত্তিক সোশাল নেটওয়ার্ক আস্কডটএফএম-এর। হাতবদল হওয়ার দুই বছরের ব্যবধানে আবার নতুন মালিকানায় গেল প্রতিষ্ঠানটি।
ডেটিং অ্যাপ টিন্ডারের মালিক প্রতিষ্ঠান আইএসি আস্কডটএফএম-এর মালিক ছিল। বিবিসি জানিয়েছে, আস্কডটএফএম-এর নতুন মালিক প্রযুক্তি-সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নুস্ফিয়ার।
২০১৩ সালে কিছু কিশোর-কিশোরীর আত্মহত্যার সঙ্গে জড়িত থাকার পরে সবার নজরে আসে এই সোশাল মিডিয়াটি। ঘটনার পরে 'আইএসি'র পক্ষ থেকে জানানো হয়, তারা সাইবার-অকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে, পরবর্তীতে ব্যবহারকারীদের বেনামে পোস্ট করার সুবিধা বন্ধ না করায় সমালোচনার শিকার হয় প্রতিষ্ঠানটি।
আস্কডটএফএম-এর এর লাটভিয়াভিত্তিক ব্যবস্থাপনা পর্ষদ এক ব্লগপোস্টে জানিয়েছে, নুস্ফিয়ার তাদের ১৫ কোটি ব্যবহারকারীকে সুরক্ষিত রাখতে অঙ্গীকারবদ্ধ। ব্লগে প্রতিষ্ঠানটি আরও বলে, "আইএসি আমাদের আজকের অবস্থানে আসতে সাহায্য করলেও আমাদের ভবিষ্যৎ নিহিত রয়েছে পণ্যটির অপারেটরদের হাতে।"
নিরাপত্তা নিশ্চিত করতে ২০১৫ সালে আস্কএফএম একটি নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ গঠন করে। এ ছাড়াও তারা ব্যবহারকারী, অভিভাবক, শিক্ষকদের জন্য অতিরিক্ত নির্দেশনামা প্রকাশ করে। নির্দেশনামা দেখে ব্যবহারকারীরা অপব্যবহারের ব্যাপারে কর্তৃপক্ষকে অবহিত করতে সক্ষম হবে এবং প্রোফাইলে প্রয়োজনীয় গোপনীয়তা অবলম্বন করতে পারবে।
অন্যদিকে, চ্যারিটি প্রতিষ্ঠান এনএসপিসিসি সতর্কবার্তা দিয়ে জানায় তাদের জরিপে ১৭২৫ জন কিশোর-কিশোরীর প্রায় ৮৮ শতাংশ প্লাটফর্মটি ব্যবহার করে অনুপযোগী কনটেন্ট দেখে থাকে।
প্রতিষ্ঠানটি বলে, "বাবা-মায়েরা তাদের সন্তানদেরকে ১৫ বছর বয়স হওয়ার পরে এ ধরনের সেবা ব্যবহারের অনুমতি দিয়ে থাকেন, যা বর্তমানে ১৩ বছর।
এর আগে আইএসি জানায়, তারা এর জনপ্রিয়তা দেখে এবং ভবিষ্যতে আরও পরিণত সোশাল নেটওয়ার্ক হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে আস্কএফএম-এর দিকে আকৃষ্ট হয়েছিল।
প্রতিষ্ঠানটি আস্কএফএম বিক্রির কারণ বা এর মূল্যের ব্যাপারে মুখ খোলেনি। ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান নুস্ফিয়ারের অন্যান্য বিনিয়োগের মধ্যে রয়েছে অনলাইন জুয়ার আসর বেটকোর ও মুরকা এবং সাইবার নিরাপত্তাদাতা সাইবার সেইফটি ইউনিট।
