লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ টেসলা
বার্ষিক রপ্তানিতে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার। উদ্বেগ বেড়েছে টেসলার উৎপাদনক্ষমতা নিয়ে।
বিবিসি জানিয়েছে, বছরের দ্বিতীয় কিস্তিতে প্রতিষ্ঠানটি ১৪৩৭০টি গাড়ি তৈরি করেছে, যেখানে নির্ধারিত লক্ষ্য ছিল ১৭ হাজার। টেসলার তৈরি স্বচালিত গাড়ির আরোহী দূর্ঘটনায় মারা যাওয়ার পর খবরের শিরোনামে সরব উপস্থিতি রয়েছে প্রতিষ্ঠানটির। এরই মধ্যে অসময়েই লক্ষ্য পূরণের ব্যর্থতার মুখোমুখি হল প্রতিষ্ঠানটি।
শেষ তিন মাসে শেয়ার বাজারে টেসলার মূল্য ১৩ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে বছরের দ্বিতীয়ার্ধের মধ্যে তারা আরও ৫০ হাজার গাড়ি সরবরাহ করতে পারবে বলে আশাবাদী। কিন্তু প্রথম দুই কিস্তিতে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটি বাৎসরিক লক্ষ্যমাত্রা অর্জনের চেয়ে অনেক বেশি পিছিয়ে রয়েছে। চলতি বছরে টেসলার লক্ষ্য ৮০ থেকে ৯০ হাজার গাড়ি প্রস্তুত করা।
চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্বয়ংক্রিয় চালক প্রযুক্তি চালু থাকা অবস্থায় একটি মালবাহী ট্রাকের সঙ্গে দূর্ঘটনার শিকার হয় টেসলা মডেল এস-এর একটি গাড়ি। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দূর্ঘটনার তদন্ত করার ঘোষণা দিয়েছে। টেসলার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দূর্ঘটনাগ্রস্থ টেসলা মডেল এস গাড়িটি উজ্জ্বল আকাশের কারণে সাদা রঙের ট্রাকের অস্তিত্ব 'বুঝতে পারে নি'।
টেসলা-কে গ্যাসোলিনবিহীন বৈদ্যুতিক গাড়ি তৈরির 'পথিকৃৎ' মনে করা হয়। তবে সাম্প্রতিক ঘটনাগুলো প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে দ্বিধা সৃষ্টি করেছে।
মে মাসে টেসলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ইলন মাস্ক সোলারসিটি নামের সোলার প্যানেল প্রস্তুতকারী এক প্রতিষ্ঠান কেনার পরিকল্পনার কথা ঘোষণা দেন।
