এক্সবক্স চাননি গেটস
এক্সবক্স গেইমস কনসোলের ধারণাটিকে শুরুতে পুরোপুরি অবাঞ্ছিত ও অপমানজনক হিসেবে অভিহিত করে উড়িয়ে দিয়েছিলেন টেক জায়ান্ট মাইক্রোসফটের তৎকালীন কর্ণধার বিল গেটস।
মাইক্রোসফটের গেইম প্রকাশনা বিভাগের প্রাক্তন প্রেসিডেন্ট এড ফ্রায়েজ আইজিএন-কে এক সাক্ষাৎকারে জানান, এক্সবক্স ব্র্যান্ডটি বর্তমানে মাইক্রোসফটের অন্যতম বৃহত্তম সম্পত্তিতে পরিণত হলেও ধনকুবের বিল গেটস এবং তৎকালীন প্রেসিডেন্ট স্টিভ বলমার শুরুতে এ ধারণাটি খুব একটা পছন্দ করেননি। এমনকি গেটস একে প্রতিষ্ঠানটির জন্য বিশাল অপমানজনক বলেও মন্তব্য করেন বলে জানায় ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
ফ্রায়েজ বলেন, "আমরা বারবার এতে জোর দিচ্ছিলাম যে আমরা এর পেছনে এক বছর সময় দিয়েছি এবং এটাই সবচেয়ে ভালো পরিকল্পনা। আমাদের এ যন্ত্রটি বানানো প্রয়োজন।"
মিরর জানায়, দলের একজন সদস্য সনি প্লেস্টেশনের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা উল্লেখ করার পরই এই পরিকল্পনার যৌক্তিকতা দেখতে পান গেটস। এরপরই তিনি কনসোলটি বানানোর অনুমতি দেন এবং এর জন্য প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করেন।
