কৃষিখাতে মনস্যান্টো ও মাইক্রোসফট
ব্রাজিলের কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগে অংশীদারিত্বের চুক্তি সই করেছে মার্কিন বায়োপ্রযুক্তি প্রতিষ্ঠান মনস্যান্টো কো. এবং টেক জায়ান্ট মাইক্রোসফট কর্পোরেশন।
সোমবারের এ চুক্তি প্রসঙ্গে প্রতিষ্ঠান দুটির নির্বাহী কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, মনস্যান্টো ব্রাজিলভিত্তিক একটি তহবিলে নয় কোটি বিশ লাখ ডলার বিনিয়োগ করবে। এ বিনিয়োগ তত্ত্বাবধান এবং দেশটির কৃষিক্ষেত্রের জন্য নতুন ডিজিটাল টুল নির্মাণের ধারণা নিয়ে কাজ করবে মাইক্রোসফট। এতে বাছাই করা ধারণাগুলোর উন্নয়নের জন্য প্রাথমিকভাবে চার লাখ ঊনষাট হাজার ডলার পর্যন্ত বরাদ্দ করা হবে। প্রকল্পের মালিকেরা তিন বছর পর এ বিনিয়োগ পরিশোধ করতে অথবা ইকুইটিতে পরিণত করতে পারবেন। এ ছাড়াও প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকম বিনিয়োগে অংশ নেবে।
মনস্যান্টো-এর লাতিন আমেরিকা বিভাগের প্রধান রদ্রিগো সান্তোস বলেন, "কৃষিক্ষেত্রে নতুন উদ্যোক্তাদের দায়িত্ব নিতে আমরা আগ্রহী। এখানে গবেষণা ও উন্নতির জন্য বিশাল ক্ষেত্র রয়েছে।"
