অচল ছিল গুগল ক্যালেন্ডার
ওয়েব জায়ান্ট গুগলের অনলাইন কর্মপরিকল্পনা টুল গুগল ক্যালেন্ডার অচল হওয়ায় দূর্ভোগের মধ্যের পড়েন ব্যবহারকারীরা। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের লাখ লাখ ব্যবহারকারী এই সমস্যার সম্মুখীন হয়েছেন। গুগলের অ্যাপ স্ট্যাটাস ড্যাশবোর্ড অনুযায়ী ব্রিটিশ সময় মান ৩০ জুন দুপুর ২ টা ৪৭ মিনিট থেকে গুগল ক্যালেন্ডার অচল হয়ে পড়ে।
এরপর থেকে যারা ক্যালেন্ডার দেখার চেষ্টা করেছেন তারা শুধু একটি মেসেজ দেখতে পেয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। ওই মেসেজে লেখা ছিল- “পরিসেবাটি সাময়িকভাবে বন্ধ রয়েছে, পরে আবার চেষ্টা করুন”।
আশার বিষয় হচ্ছে, অ্যাপটি পুরোপুরি অচল হয়নি। অ্যাপটি সাময়িকভাবে বন্ধ ছিল কিন্তু ক্রমশ এটা সচল হওয়া শুরু করেছে। ওই দিন বিকাল ৩টা ৩৫ মিনিটে অ্যাপ স্ট্যাটাস ড্যাশবোর্ডে জানানো হয়- গুগল যথাসাধ্য চেষ্টা করছে এই পরিস্থিতি মোকাবেলায় এবং বিকাল ৪ টা ৩০ মিনিটের মধ্যে জানাবে কখন এই সমস্যার পূর্ণ সমাধান পাওয়া যাবে। এ ছাড়া সকল আপডেট জানানোরও প্রতিশ্রুতি দেয় প্রতিষ্ঠানটি।
পরবর্তীতে অ্যাপ স্ট্যাটাস ড্যাশবোর্ডে ৪ টা ৩৩ মিনিটে গুগল জানায়, তারা কিছু ব্যবহারকারীদের ক্ষেত্রে এই সমস্যা সমাধানে সক্ষম হয়েছে এবং ‘অদূর ভবিষ্যতে’ বাকীরাও এটা ব্যবহার করতে পারবে। তবে তারা যেহেতু এই সময়ের 'ফ্রেইম' অনুমান করেছে সেক্ষেত্রে কিছুটা এদিক সেদিক হতে পারে।
