২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

“ফেইসবুক আধুনিক দানব”

ইসরাইলের অশান্ত অবস্থা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ফেইসবুক আর ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে অভিযুক্ত করেছেন ইসরাইলের অভ্যন্তরীন নিরাপত্তাবিষয়ক মন্ত্রী। তিনি এই সামাজিক মাধ্যম কে পুলিশের কাজের জন্য 'অন্তর্ঘাতী' বলে চিহ্ণিত করেছেন।

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2016, 07:10 PM

Updated : 20 Aug 2022, 01:08 PM

অতীতেও আক্রমণে 'উৎসাহিত' করার জন্য ফেইসবুককে দায়ী করেছিল ইসরাইল, জানিয়েছে রয়টার্স। সম্প্রতি  সন্ত্রাস দমনের জন্য দেশটির সরকার নতুন আইন প্রণয়নের মাধ্যমে ফেইসবুক, টুইটার, ইউটিউব আর অন্যান্য সামাজিক মাধ্যমে অনলাইন 'পোস্ট' সরিয়ে নেওয়ার ক্ষমতা নিয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র ডানপন্থী জোট-এর এক কেবিনেট মন্ত্রী , গিলাদ আরডেন-এর মন্তব্য ছিল 'বিশেষভাবে ব্যঙ্গাত্মক'। ফেইসবুকের সব নীতিমালার জন্য জাকারবার্গকেই দায় নিতে হবে জানিয়ে তিনি বলেন, "তার বানানো যে প্লাটফর্ম দিয়ে তিনি শত কোটি ডলার আয় করছেন, তা সম্ভাব্য সব ক্ষেত্রে যাতে পর্যবেক্ষণ করা হয়, তার জোর দাবি তুলতে হবে।"

ইসরাইলে ফেইসবুকের মুখপাত্র জানান, তাদের প্রতিষ্ঠান মন্ত্রীর করা ওই উক্তি নিয়ে কোনো মন্তব্য করেনি।

একটি টেলিভিশন চ্যানেল-এর এক সাক্ষাৎকারে আরডেন বলেন, "বর্তমান বিশ্বে ফেইসবুক বিস্ময়কর বিপ্লব এনেছে। দু:খজনক হলেও সত্য 'দায়েশ' (ইসলামিক স্টেট) আবির্ভাবের পর সন্ত্রাসবাদের যে উত্থান হয়েছিল তাতে ফেইসবুকের ভুমিকা ছিল 'পিশাচ'-এর।"

"ফেইসবুক আজ নাশকতা সৃষ্টির জন্য দায়ী -এটাই সত্য। ফেইসবুক পুলিশের কাজেও বিঘ্ন ঘটাচ্ছে। যখন ইসরাইলি পুলিশ পশ্চিম তীরের এলাকা, সামারিয়া আর জুদিয়া এর বাসিন্দাদের ব্যাপারে তথ্য চেয়েছিল, ফেইসবুক তাদের কোনো রকম সাহায্য করেনি"- বলেন আরডেন।

"এটি উত্তেজনা সৃষ্টিকারী বিষয়বস্তু এবং পোস্ট মুছে ফেলার জন্য কোনো পদক্ষেপ নেয়নি"- যোগ করেন তিনি।

অক্টোবর থেকে ফিলিস্তিনিরা রাস্তায় হামলা করে এবং তাদের ছুরিকাঘাতে ৩৪ জন ইসরাইলি নাগরিক এবং দুই জন পরিদর্শক মার্কিন নাগরিক নিহত হয়েছে। ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে কমপক্ষে ২০১ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ১৩৭ জন 'হামলাকারী' হিসেবে অ্যাখ্যা দিয়েছে ইসরাইল। এ ছাড়া অন্যরা সংঘর্ষ ও বিক্ষোভে নিহত হয়।

ইসরাইল-এর মতে, বাড়ীতে ফিলিস্তিনি গণমাধ্যম ও ব্যক্তিগত সমস্যার মধ্যে উস্কানিমুলক বিষয়গুলো কম বয়সী হামলাকারীদের হামলা চালাতে উত্সাহিত করেছে।