২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে ফেইসবুকের অর্থ আটক

সন্ত্রাসী ঘটনাকে কেন্দ্র করে ব্রাজিলের এক আদালত সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের ৬.০৭ মিলিয়িন মার্কিন ডলারের তহবিল আটকে দিয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজিং-এর নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আদালতটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহরিয়ার হাসান পরশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2016, 11:10 PM

Updated : 20 Aug 2022, 01:07 PM

দেশটির ফেডারেল পুলিশ জানিয়েছে ফেইসবুকের অধীনস্থ মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আদানপ্রদান করা মেসেজ পুলিশের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রতিষ্ঠানটি। পুলিশের বক্তব্য অনুযায়ী ড্রাগ পাচারকারীরা অ্যাপটি ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করেছে —জানিয়েছে বিবিসি।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়,  ধৃত আসামিদের সঙ্গে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের সহযোগীদের ধরতে পুলিশের হোয়াটসঅ্যাপের তথ্য প্রয়োজন। এ বিষয়ে ফেইসবুক কোনো মন্তব্য করেনি।

ব্রাজিলের স্থানীয় সংবাদ সংস্থা জি১-এর এক প্রতিবেদনে বলা হয়, আটকে দেওয়া অর্থ পাঁচ মাসব্যাপী প্রতিষ্ঠানটির আইন উপেক্ষা করার ফলস্বরূপ জরিমানার সমপরিমাণ। ফেইসবুকের তহবিল আটকানোর কারণ হল দেশটিতে হোয়াটসঅ্যাপের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই।

ব্রাজিলে হোয়াটসঅ্যাপ তুমুল জনপ্রিয় এবং ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৯.৩ কোটি। চলতি বছরের মার্চে ফেইসবুকের দক্ষিণ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ডিয়েগো দোদানকে গ্রেফতার করা হয়। কারণ দর্শানো হয় ড্রাগ পাচারের একটি ঘটনায় আদালতের নির্দেশ অনুসরণ করতে ব্যর্থ হয় ফেইসবুক। গ্রেফতারের ব্যাপারটিকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চরমপন্থি এবং অসামাঞ্জস্যপূর্ণ বলা হয়।

ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, "ফেইসবুক সর্বদাই ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের সব ধরনের প্রশ্নের জবাব দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এর অন্যথা হবে না।"