২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়ামে ফেইসবুকের জয়

বেলজিয়ামের তথ্য প্রতিরক্ষাবিষয়ক কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী হয়েছে সোশাল মিডিয়া জায়ান্ট ফেইসবুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ ইফতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2016, 06:08 PM

Updated : 20 Aug 2022, 01:07 PM

ফেইসবুক ব্যবহারকারী নন অথচ পাবলিক কনটেন্ট দেখতে পান এমন ব্যবহারকারীদের সম্পর্কিত তথ্য জমা রাখা নিয়ে এ মামলা করা হয়। মামলায় ব্রাসেলস-এর আপিল আদালতের রায়ে বলা হয়, "যেখানে ফেইসবুকের ইউরোপ সম্পর্কিত তথ্য প্রক্রিয়াজাত করা হয়, সেই ফেইসবুক আয়ারল্যান্ড-এর উপর বেলজিয়ান আদালতের কোনোই কর্তৃত্ব নেই।"

আদালতের এ সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করে ফেইসবুক জানায়, "বেলজিয়ামের মানুষদের জন্য আমাদের সবকটি সেবা আবার অনলাইনে ফেরত আনতে আমরা আগ্রহী।"

অন্যদিকে রায়ের পর প্রতিক্রিয়ায় বেলজিয়াম নিরাপত্তা কমিশনের প্রধান উইলেম ডিবিউকেলের বলেন, "আজকের এ রায়ের মানে হচ্ছে বেলজিয়ান নাগরিকেরা বাইরের কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষার দাবি রাখতে পারবেন না। আর এর ফলে তারা ব্যাপক ঝুঁকির মুখে পড়ে যাচ্ছেন।" এ ছাড়াও রায় বাতিল করার জন্য আদালতে শেষ একটি আপিল দাখিল করা হবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

বিবিসি জানায়, এ মামলায় প্রাথমিকভাবে আদালত বেলজিয়ান তথ্য নিরাপত্তা বিভাগের পক্ষে রায় দেন। আদালতের এ নির্দেশের ব্যত্যয় ঘটালে প্রতিষ্ঠানটিকে প্রতিদিনের জন্য আড়াই লাখ ইউরো জরিমানা পরিশোধ করতে হবে এমন রুলও জারি করা হয়।

পরবর্তীতে ২০১৫ সালের ডিসেম্বরে ফেইসবুক ব্যবহার করেন না এমন ব্যবহারকারীদের কুকি সরিয়ে নিতে রাজি হয় প্রতিষ্ঠানটি। তবে ডিএটিআর (datr) নামের এ কুকি ফেইসবুকের বিভিন্ন তথ্য সুরক্ষিত রাখতে ব্যবহৃত হয় এবং ১০দিন পরপরই তা মুছে দেওয়া হয় বলে দাবি করে প্রতিষ্ঠানটি।