২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেটিংয়ে দরকার নারী নেতৃত্ব

ডেটিংয়ের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নেওয়ায় নারীদের আরও স্বচ্ছন্দ হওয়া উচিত বলে মত দিয়েছেন ডেটিং অ্যাপ 'বাম্বল'-এর প্রতিষ্ঠাতা হুইটনি উলফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ ইফতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2016, 05:46 PM

Updated : 20 Aug 2022, 01:07 PM

সাম্প্রতিক #গার্লবস রেডিও পডকাস্ট-এ এক সাক্ষাতকারে উলফ 'বাম্বল' প্রতিষ্ঠায় তার বিভিন্ন অভিজ্ঞতার কথা আলোচনা করেন। এ অ্যাপটির বিশেষত্ব হচ্ছে- এতে শুধু নারীরাই পুরুষের কাছে ডেটিংয়ের প্রস্তাব রাখতে পারেন, উল্টোটা হয় না।

উলফ বলেন, "কলেজে ব্যাপারটা এমন ছিল, হয়তো কাউকে ভাল লেগে গেল, আমি তাকে টেক্সট করলাম আর আমার বন্ধুদের মনোভাব ছিল অনেকটা 'তুমি মহাপাপ করে ফেলেছ' এমন। এই দৃষ্টিভঙ্গি অনেক পুরানো হয়ে গেছে, আর তা পাল্টানোর সময় চলে এসেছে।"

ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার জানায়, সাম্প্রতিককালে পাঁচ হাজারেরও বেশি 'সিঙ্গল' নিয়ে পরিচালিত 'সিঙ্গলস অফ আমেরিকা' জরিপে ৯০ শতাংশেরও বেশি পুরুষ স্বীকার করেন যে, তারা নারীদের কাছ থেকেই ডেটিংয়ের আহ্বান পেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

এ ছাড়াও সাম্প্রতিক এক ওকেকিউপিড গবেষণায় দেখা যায়, যেসব নারী পুরুষদের কাছ থেকে ডেটিংয়ের আহ্বান পাওয়ার অপেক্ষায় থাকেন, তাদের চেয়ে নিজেই অগ্রসর হওয়া নারীরাই তুলনামূলক আকর্ষণীয় সঙ্গী পেয়ে থাকেন। এ কারণ হিসেবে দেখা যায়, ওকেকিউপিড ব্যবহারকারীদের রেটিং অনুযায়ী নারীরা সাধারণত পাঁচ পয়েন্ট বেশি আকর্ষণীয় পুরুষদের টেক্সট করে থাকেন, তবে তারা টেক্সট বেশি পান সাত পয়েন্ট কম আকর্ষণীয় পুরুষদের কাছ থেকে।

নারীদের মধ্যে প্রথম পদক্ষেপ নেওয়ার নিম্নহার সম্পর্কে লয়োলা ম্যারিমাউন্ট ইউনিভার্সিটি-এর মনোবিজ্ঞান বিষয়ের অধ্যাপক মাইকেল মিলস ২০১১ সালে 'সাইকোলজি টুডে' কলামে জানান, নারীদের কাছ থেকে প্রস্তাব আসার মানে হলো অন্য পুরুষের সঙ্গে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে, আর এ ধারণার বশবর্তী হয়ে নারীরা সাধারণত প্রথম পদক্ষেপটি নিতে চান না। তবে গবেষণায় যেহেতু দেখা গেছে যে পুরুষেরা নারীদের কাছ থেকেই প্রথম আহ্বান পেতে আগ্রহী, তাতে নারীদের এ ধারণাটি শুধুই একটি ভ্রান্ত ধারণাই হয়ে থাকতে পারে বলে ভাষ্য সাইটটির।