শিশু-ওয়েব-গোপনীয়তায় গুগলের জয়
সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভিভাবকদের দায়ের করা একটি দেশব্যাপী ক্লাস অ্যাকশন মামলার আপিলে গুগল এবং ভায়াকম জয়ী হয়েছে। অভিভাবকরা দাবি করেন ১৩ বছরের নিচে যেসব শিশু নিকেলোদিয়ন-এর ওয়েবসাইটে ভিডিও গেইম খেলে তাদের সকল অনলাইন কার্যকলাপ অবৈধভাবে ট্র্যাক করা হয়েছে।
৩-০ ভোটের মাধ্যমে, ফিলাডেলফিয়া আপিলের ৩য় মার্কিন সার্কিট কোর্ট বলেছেন, বাচ্চাদের কম্পিউটারে ‘কুকি’ ব্যবহারের ক্ষেত্রে কোম্পানিগুলো ফেডারেল আইন বা রাজ্য আইনের অধীনে দায়ী নয়। কিন্তু ভায়াকম-এর বিরুদ্ধে এখনও একটি মামলা রয়ে গেছে। যেখানে বলা হয়েছে নিক ডটকম সাইট ব্যাবহারকারী শিশুদের গোপনীয়তা রক্ষার কথা দিয়েছিল ভায়াকম; কিন্তু তারা সেটা রাখতে পারেনি।
এর আগেও ২০১৫ সালের জানুয়ারিতে নিউ ইয়র্ক, নিউ জার্সি-এর জজ স্ট্যানলি চেসলার একই রায় দিয়েছিলেন। অভিভাবক পক্ষের আইনজীবী এই ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।
ভায়াকম এর মুখপাত্র জেরেমি জিউইগ জানান, আদালতের সিদ্ধান্তে তাদের প্রতিষ্ঠান অনেক খুশি এবং যে সব অভিযোগ এখনও রয়ে গেছে সেগুলোর সিদ্ধান্ত তাদের পক্ষে আসবে বলেই তিনি বিশ্বাস করেন। নিকোলেদিওনের এই কার্যকলাপে তারা গর্বিত এবং সার্বিক ভালোর কথা চিন্তা করে তারা এটা চালিয়ে যেতে চায়।
তাৎক্ষণিকভাবে গুগল এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এর আগেও গুগলের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হলে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়।
সার্কিট জজ হুলিও ফিউয়েন্তেস এই দুটি রায় দেন এবং জানান এই রায়ের কারণে অনেক অভিভাবক অসন্তুষ্ট হয়েছেন। ১৯৮৮ সালের ভিডিও প্রাইভেসি প্রোটেকশন আইনের উপর ভিত্তি করে তিনি এই রায় দেন। তিনি আরও যোগ করেন- এই আইন পরবর্তীতে সংশোধন করা হয়নি যার কারণে আইপি অ্যাড্রেস, ব্রাউজার সেটিংস এবং অপারেটিং সেটিংসের মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহের তথ্য সংগ্রহের ব্যাপারগুলো সম্পর্কে নির্দিষ্ট কোনো নীতিমালা নেই।
ভায়াকম অভিভাবকদের উদ্দেশ্য করে বলে যে, তারা শিশুদের কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না তাই তারা চাইলেও তাদের তথ্যগুলো শেয়ার করতে পারবে না।
ফিউন্তেস-এর ধারণা, যৌক্তিক বিচারে জুরি ভায়াকম-কে দায়ী করতে পারেন যদি ভায়াকমের বিরুদ্ধে আইনভঙ্গের যথেষ্ট প্রমাণ পাওয়া যায়।
