২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগলের দ্রুততম ইন্টারনেট কেবল

সমুদ্রের তলদেশ দিয়ে দ্রুততম ইন্টারনেট কেবল চালু করেছে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। ইন্টারনেটের গতি বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি সমূদ্রের তলদেশ দিয়ে দ্রুতগতির ইন্টারনেট কেবল তৈরির প্রকল্পে কাজ শুরু করেছে ফেইসবুক এবং মাইক্রোসফটও। এরই মধ্যে দ্রুত গতির ইন্টারনেট কেবল চালু করে কিছুটা এগিয়ে থাকল গুগল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2016, 09:16 PM

Updated : 20 Aug 2022, 01:06 PM

৩০ জুন সমূদ্রের তলদেশ দিয়ে দ্রুততম ইন্টারনেট কেবল চালু করেছে গুগল। এই কেবল মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানকে যুক্ত করবে বলে জানানো হয়। গুগল এবং তার অংশীদার প্রতিষ্ঠান দুই বছর ধরে এই কেবল তৈরির প্রকল্পে কাজ করে আসছিলো বলে জানিয়েছে ব্যবসা বাণিজ্য বিষয়ক প্রকাশনা বিজনেস ইনসাইডার।

এই প্রকল্পের জন্য গুগল পাঁচটি এশিয়ান টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে মিলে কাজ করছে। ২০১৪ সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পে তহবিলের পরিমাণ ছিলো ৩০ কোটি মার্কিন ডলার।

কেবল চালু হওয়ার বিষয়টি একটি ব্লগ পোস্টের মাধ্যমে জানান গুগলের সাবমেরিন নেটওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচার দলের সদস্য আলান চিন-লুন চেউং। তিনি বলেন, "দ্রুততম এই কেবল গুগলকে প্রতি সেকেন্ডে ১০ টেরাবিট গতির ইন্টারনেট সেবা দেবে, যেখানে যুক্তরাষ্ট্র এবং জাপানের মধ্যে এই কেবলের মোট ব্যান্ডউইথ প্রতি সেকেন্ডে ৬০ টেরাবিট। আমরা এই ধারণক্ষমতাকে গ্রাহকদের জন্য ব্যবহার করতে পারব, যেখানে গুগল অ্যাপস এবং ক্লাউড প্লাটফর্মের গ্রাহকরাও অন্তর্ভুক্ত।"

তিনি আরও বলেন, "এটিই এযাবৎ বানানো সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন সমূদ্রের তলদেশের ইন্টারনেট কেবল। এটি আপনার সাধারণ কেবল মডেমের তুলনায় এক কোটি গুণ দ্রুত গতিসম্পন্ন।"

৯ হাজার কিলোমিটার দীর্ঘ এই কেবল লাইন যুক্তরাষ্ট্রের অরিগন এবং জাপানের দুইটি পয়েন্টকে যুক্ত করেছে। এ বছরের শেষের দিকে টোকিওতে নতুন ক্লাউড ডেটা সেন্টার উন্মোচন করার কথা রয়েছে গুগল-এর। সেই লক্ষ্যেই দ্রুত গতির এই কেবল লাইন উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।