যুক্তরাষ্ট্রে ড্রোন উড্ডয়নে শিথিলতা
মার্কিন যুক্তরাষ্ট্রে ড্রোন উড্ডয়ণের নতুন নীতিমালা লক্ষণীয়ভাবে শিথিল করেছে দেশটির ফেডেরাল এভিয়েশন অথরিটি (এফএএ)।
এ যাবৎ দেশটিতে ড্রোন উড্ডয়নের জন্য যেই কঠোরতা প্রযোজ্য ছিল, নতুন নীতিমালায় তা আর থাকছে না। যার ফলে ব্যবসায়ী এবং শখের ড্রোন মালিকেরা আরও মুক্তভাবে ড্রোন উড়াতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
ইতোপূর্বে দেশটিতে বাণিজ্যিকভাবে ড্রোন উড়ানোর জন্য চালকের পাইলট লাইসেন্স থাকা বাধ্যতামূলক ছিল। আর তা ক্ষুদ্র ড্রোনের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। এমনকি বাণিজ্যিকভাবে উড্ডয়নের অনুমতি পেতে তাদেরকে এফএএ-এর নিকট নিবন্ধনের জন্য আবেদন করার নীতিমালাও চালু রয়েছে। এ পর্যন্ত দেশটিতে ৫৩০০ আবেদনকারীর নিবন্ধন সফল হয়েছে, জানিয়েছে বিবিসি।
চলতি বছরের আগস্ট থেকে ড্রোন উড্ডয়নের এই কঠোর এবং ব্যয়বহুল নীতিমালা আর থাকছে না। নতুন নীতিমালা অনুযায়ী বাণিজ্যিকভাবে ড্রোন ঊড়ানোর জন্য চালকের বয়স ১৬ বছরের বেশি হলেই চলবে। সেক্ষেত্রে চালক ভূমি থেকে ৪শ' ফুটের ওপরে ড্রোন উড়াতে পারবে না। আর ড্রোনের ওজন অবশ্যই ২৫ কেজির নিচে হতে হবে।
নতুন নীতিমালা অনুযায়ী চালককে প্রতি দুই বছরে অন্তত একবার বৈমানিক নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রাতে ড্রোন উড্ডয়নের অনুমতি দেয়নি এফএএ। আর কোনো প্রতিষ্ঠান যদি এই নীতিমালার বাইরে ড্রোন উড়াতে চায় তবে তাকে অবশ্যই আবেদন করে অনুমতি নিতে হবে।
অ্যামাজন এবং ওয়ালমার্ট-এর মতো প্রতিষ্ঠানগুলো ড্রোন দিয়ে পণ্য সরবরাহ করতে আগ্রহ প্রকাশ করায়, আপাতত এতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে এফএএ।
ড্রোনের ক্ষেত্রে নতুন নীতিমালা নিয়ে আশাবাদী দেশটির যোগাযোগবিষয়ক সেক্রেটারি অ্যান্থনি ফক্স। তিনি বলেন, "আমরা নতুন এভিয়েশন যুগের অংশ এবং মানুষবিহীন এয়ারক্রাফট তথ্য সংগ্রহ করা এবং ত্রাণ সরবরাহ করার মতো কাজগুলো আরও নিরাপদ ভাবে করবে।"
