ভেগাসে ভিআর রেইসিং প্রতিযোগিতা
মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ২০১৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সর্বপ্রথম ভার্চুয়াল সিমুলেশন বৈদ্যুতিক গাড়ি রেইস।
এ রেইসটি ২০১৬ সালের ৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস)-এর অংশ হতে পারে বলে জানান এই আয়োজনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্প্যানিশ উদ্যোক্তা আলেজান্দ্রো অ্যাগাগ। এ ছাড়াও সিমুলেশনের সহায়তায় রেইস ভক্তদের পেশাদার গাড়িচালকদের মুখোমুখি করাটা ভবিষ্যতে নিয়মিত প্রতিযোগিতার অংশ হিসেবে দাঁড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, "এটাই হবে সর্বপ্রথম ভার্চুয়াল রেইস, যাতে বড় পর্যায়ের ২০ জন পেশাদার গাড়িচালক অংশগ্রহণ করছেন আর খুবই আকর্ষণীয় পুরষ্কারের ব্যবস্থা থাকছে। ই-স্পোর্টস (ইলেকট্রনিক স্পোর্টস) বিশাল এক সম্ভাবনা বলে আমরা মনে করি এবং এতে পুরোপুরি যুক্ত হওয়ার ক্ষেত্রে আমরাই প্রথম হতে চাই।"
রয়টার্স জানায়, এ প্রতিযোগিতার পুরস্কার মূল্য প্রসঙ্গে অ্যাগাগ অস্পষ্ট ধারণা দিলেও তা ১০ লাখ ডলার হতে পারে বলে অভ্যন্তরীণ সূত্র থেকে খবর পাওয়া গেছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উপযুক্ত হতে গেইমাররা এর তিন মাস আগেই একটি অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, যা থেকে শীর্ষ পাঁচজনকে পরবর্তী প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হবে।
এ প্রতিযোগিতা প্রসঙ্গে অ্যাগাগ বলেন, "গেইমাররা সাধারণত গেইমেই গাড়িচালকদের চেয়ে বেশি ভালো। অন্যদিকে রেইসট্র্যাক সম্পর্কে গাড়িচালকরা বেশি অভিজ্ঞ। পেশাদার গাড়িচালকদের বিপক্ষে গেইমাররা যদি জিতে যেতে পারেন তবে তা মজার ব্যাপার হবে। আমার ধারণা, এটা অনেক হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে। এটি আসল ফর্মুলা ই রেইসের মতোই হবে, এতে তারা আগে কখনোই অনুশীলন করেননি এমন একটি শহরে প্রথমবার এসেই রেসে অংশগ্রহণ করতে যাচ্ছেন।"
এ ছাড়াও আসল রেইসট্র্যাকেই গেইমারদের জন্য ভিআর ব্যবহার করে পেশাদার গাড়িচালকদের সঙ্গে প্রতিযোগিতার সম্ভাবনা ও সমস্যার কথাও জানান তিনি।
তিনি বলেন, "এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা হলো আসল রেইস আর গেইমারদের ভার্চুয়াল অভিজ্ঞতার মধ্যে কিছুটা দূরত্ব থাকছেই। ফর্মুলা ই শুরু করার সময় আমরা যা চেয়েছিলাম, গাড়িচালকরা একই সময়ে রেইসে থাকবেন, তা প্রযুক্তিগত কারণে অনেক সময়ই সম্ভব হয় না। তবে এখন এই ই-রেইসের মতোই আরও অনেক কিছুই সম্ভব হচ্ছে।"
অন্যদিকে ফর্মুলা ওয়ান সহ আরও অনেক স্পোর্টসই দর্শকপ্রিয়তা অর্জনের জন্য ভিআর নিয়ে কাজ করছে বলে জানা গেছে।
