আইওটি-তে স্যামসাংয়ের ১২০ কোটি
সামনের চার বছর জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্টারনেট অফ থিংস (আইওটি) প্রযুক্তির পেছনে প্রায় ১২০ কোটি ডলার বিনিয়োগ করার কথা জানিয়েছে ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স।
এক বক্তব্যে স্যামসাং জানায়, প্রাসঙ্গিক প্রযুক্তি নির্মাণে আর স্টার্ট আপ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে তারা বিনিয়োগগুলো ‘স্যামসাং গ্লোবাল ইনোভেশন সেন্টার’-এর মতো তাদের সিলিকন ভ্যালির শাখা থেকে করবে।
স্মার্টফোনের মতো পণ্যগুলোর মূলধন বৃদ্ধিতে মন্থর গতি আসায়, বিশ্বের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত ব্যবহার করা মোবাইল ফোন আর যানবাহনের মতো বস্তুকে একে অপরের সঙ্গে যোগাযোগ সক্ষম করিয়ে দেওয়া আইওটি প্রযুক্তির দিকে ঝুঁকছে বলে জানিয়েছে রয়টার্স।
নতুন মুনাফার উৎস বাস্তবায়নের লক্ষ্যে, সাম্প্রতিক বছরে নতুন পণ্য আর সেবা তৈরি করার সঙ্গে স্যামসাং অনেক প্রতিষ্ঠান নিজ মালিকানায় নিয়ে আসছে।
দ. কোরীয় প্রতিষ্ঠানটি জানায়, তারা ‘ন্যাশনাল আইওটি স্ট্র্যাটেজি ডায়ালগ’ গঠনের উদ্দেশ্যে আলাদাভাবে ইনটেল কর্পোরেশন-এর সঙ্গে এক জোট হয়েছে। ‘ন্যাশনাল আইওটি স্ট্র্যাটেজি ডায়ালগ’ নামের সংস্থাটিতে শিল্প আর একাডেমিক সদস্যরা একত্র হয়ে প্রাইভেসি নিরাপত্তার মতো আইওটি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করবে আর মার্কিন নীতিনির্ধারকদের আইওটি সম্পর্কিত নীতি তৈরিতে উপদেশ দেবে।
