হয়রানির অপরাধ স্বীকার অস্ট্রেলীয়র
অস্ট্রেলিয়ায় এক ব্যক্তি তার বিরুদ্ধে আনা অনলাইনে যৌন হয়রানির অভিযোগ স্বীকার করে নিয়েছেন।
বিবিসি জানায়, ২৫ বছর বয়স্ক জাক আলচিন তার এক বন্ধুর শেয়ার করা অলিভিয়া মেলভিল নামের এক নারীর টিন্ডার প্রোফাইলের ছবিতে হয়রানিমূলক মন্তব্য করেন। এতে মিস মেলভিল-এর বন্ধুদের প্রতিক্রিয়ার জবাবে জাক পঞ্চাশটিরও বেশি পোস্টে ধর্ষণের হুমকি দেন এবং নারী অধিকার ও নারীবাদীদের উদ্দেশ্যে বিরূপ মন্তব্য করেন। মেলভিলের বন্ধু প্যালোমা ব্রায়ারলি নিউটন এ ঘটনা প্রশাসনের নজরে আনেন।
প্রাথমিকভাবে জাক "একদল নারীবাদী তিনি ও তার বন্ধুদের হয়রানি করছে" এ অজুহাতে অপরাধ স্বীকারে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে সিডনি আদালতে বিচারকাজের প্রথম দিনই তার বিরুদ্ধে আনা অভিযোগ মেনে নেন। তিনি পুলিশকে জানান, তিনি তখন মাতাল ছিলেন এবং তিনি যে অপরাধের রাস্তা মাড়াচ্ছেন তা বুঝতেই পারেন নি।
জাক-এর বিরুদ্ধে "যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে বিধ্বংসী আচরণ, হয়রানি ও আক্রমণের" অভিযোগ আনা হয়। তবে অস্ট্রেলিয়ায় এ সংক্রান্ত দুই দশকের পুরোনো আইনটি এর আগে শুধু টেলিফোন ও টেক্সট মেসেজের ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে।
জুলাইয়ের শেষদিকে তার বিচারকাজ সম্পন্ন হবে এবং রায়ে তিনি তিন বছর পর্যন্ত কারাদণ্ডের সম্মুখীন হতে পারেন।
অন্যদিকে ২৫ বছর বয়স্ক মেলভিল জাক-এর এ স্বীকারোক্তিতে বিস্ময় প্রকাশ করেন। অস্ট্রেলীয় এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাতকারে তিনি বলেন, "এতদিন ধরে তিনি নিজের অপরাধ স্বীকার না করার পর এখন, আমি অবশ্যই খুশি।"
মিজ নিউটন এক বিবৃতিতে জানান, এটিই এ ধরনের প্রথম মামলা এবং অনলাইনে হয়রানির শিকার ব্যক্তিদের জন্য তা "মহাবিজয়ের চিহ্ন" হয়ে থাকবে।
বিবিসি জানায়, অস্ট্রেলিয়ায় শতকরা প্রায় ৫০ ভাগ নারীই অনলাইনে নানা হয়রানির শিকার হয়ে থাকেন - কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান নর্টনের এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে।
তবে মিজ নিউটন, মিজ মেলভিল এবং অন্যান্যদের নিয়ে গঠিত যৌন নিপীড়নবিরোধী দল "সেক্সুয়াল ভায়োলেন্স ওন্ট বি সাইলেন্সড" ফেইসবুকে জানায়, "মি আলচিন অপরাধ স্বীকার করায় আমরা খুবই সন্তুষ্ট। আজ আমাদের বিজয় আজ সব নারীদের কাছে এ বার্তাই পাঠায়, অনলাইনে হয়রানি তাদের মুখ বুজে মেনে নিতে হবে না। এ ক্ষেত্রে তাদের জন্য বিভিন্ন পদক্ষেপ আর রাস্তা আছে, আর অস্ট্রেলিয়ার আইন তাদের পক্ষে।"
