এআই-কে 'কমন সেন্স' শেখাবে গুগল
এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তায় 'কমন সেন্স' অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে টেক জায়ান্ট গুগল।
বিবিসি জানায়, জুরিখে অবস্থিত প্রতিষ্ঠানটির ইউরোপিয়ান রিসার্চ সেন্টারে এআই-এর তিনটি দিক- মেশিন লার্নিং, ন্যাচরাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এবং কম্পিউটার পার্সেপশন নিয়ে কাজ করবে একটি গবেষণা দল।
জুরিখে এক সাক্ষাৎকারে দলটির প্রধান ইমানুয়েল মগেনেট জানান, গুগল সার্চ, স্প্যাম ফিল্টার, ট্রান্সলেশন, কন্টেন্ট রিমুভাল এবং নতুন গুগল অ্যাসিস্ট্যান্ট, মেসেজিং অ্যাপ অ্যালো এবং স্বচালিত গাড়িসহ গুগলের অনেক পণ্যই মেশিন লার্নিংভিত্তিক। তবে, এবার তারা কম্পিউটারকে 'কমন সেন্স' শেখানোয় নজর দেবেন বলে জানান তিনি।
মানুষ ও যন্ত্রের মধ্যে কথোপকথনের ক্ষেত্রেও উন্নতি সাধনের দিকে জোর দেবেন তারা। এর মাধ্যমে যন্ত্রের শিখন প্রক্রিয়া এবং ডিপ লার্নিংয়ের কার্যকারিতা সম্পর্কে গবেষকেরা আরও তথ্য সংগ্রহের চেষ্টা করবেন বলে জানান তিনি।
তিনি বলেন, "গুগল সবসময়ই স্বাভাবিক ভাষা সংক্রান্ত ব্যবসায় ছিল, কারণ ব্যবহারকারীরা এভাবেই খোঁজ করে থাকে। তবে আমরা আসলে কখনোই কোনো প্রশ্নই ঠিকভাবে বুঝতে পারিনি, শুধু কিওয়ার্ডের সঙ্গে কনটেন্ট মিলিয়ে তা উপস্থাপন করেছি। এবার পরবর্তী ধাপটি হবে ব্যবহারকারীরা আসলে কী চাইছেন তা বোঝা।"
অন্যদিকে গুগল এআই গবেষণা দল ডিপ মাইন্ড-এর বিজ্ঞানী থর গ্র্যাপেল গুগলের অন্য একটি এআই প্রকল্প আলফাগো প্রোগ্রাম সম্পর্কে সাম্প্রতিক তথ্য জানান। সম্প্রতি প্রোগ্রামটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ গো প্লেয়ারের মুখোমুখি হয়ে পাঁচটির মধ্যে চারটি গেইমই জিতে নেয়। শুধু তাই নয়, এতে যথেষ্ট বুদ্ধিবৃত্তিরও পরিচয় দেয় প্রোগ্রামটি।
