৫০ কোটির মাইলফলকে ইনস্টাগ্রাম
ব্যবহারকারীদের সংখ্যায় ৫০ কোটির মাইলফলক স্পর্শ করেছে ফটো-শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম, জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফেইসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানায়, প্রতিদিন ৩০ কোটিরও বেশি মানুষ এটি ব্যবহার করছে। ২০১২ সালে ফেইসবুক শতকোটি ডলারে সেবাটি কিনে নেয়, তারপর থেকে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে সেবাটি, জানিয়েছে বিবিসি।
প্রতিষ্ঠানটির মতে, সাইটটিতে প্রতিদিন গড়ে সাড়ে নয় কোটির মতো ছবি আর ভিডিও পোস্ট করা হয়। সহ-প্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রোম এর সফলতাকে ‘অনেক কঠোর পরিশ্রম’-এর ফলাফল হিসেবে উল্লেখ করেছেন।
ইনস্টাগ্রামের সাড়ে পাঁচ বছরে এটা টুইটারকেও ছাড়িয়ে গেছে, এর জন্য হাই প্রোফাইল সেলিব্রেটি আর স্পোর্ট তারকাদেরই 'ধন্যবাদ দিতে হবে' বলে ভাষ্য সংবাদমাধ্যমটির।
তরুণদের চোখে ইনস্টাগ্রামের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হল স্ন্যাপচ্যাট, যার ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে।
ইনস্টাগ্রাম ২০১০ সালে প্রথম চালু হলে, প্রথমদিনই ২৫ হাজার মানুষ অ্যাপটি ডাউনলোড করে। ৫০ কোটির এই মাইলফলকে পৌঁছুতে গিয়ে ইনস্টাগ্রামকে অনেক বিতর্কেরও স্বীকার হতে হয়েছে।
২০১২ সালে, এর টার্মস অফ সার্ভিস-এ পরিবর্তন আনলে, তা ব্যবহারকারীদের 'চিন্তিত' করে ফেলছিল। অনেকের ধারণা ছিল, ইনস্টাগ্রাম তাদের ছবি বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করে দেবে। টিকেনি ওই পরিবর্তন, ফিরে আসতে হয় আবার আগের জায়গায়।
অর্থ ভুলভাবে লুটিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের, যোগাযোগের ব্যর্থতার কারণেই এত হৈচৈ, এমনটাই জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
সাম্প্রতিক এক ঘোষণায় ছবিগুলো সময় অনুযায়ী ক্রমের বদলে একটি অ্যালগরদিমে দেখানো হবে বলে জানানো হয়, যা ভালোভাবেই সমালোচিত হয়। একটি জল্পনা ছিল যে, এই পদক্ষেপটি ব্যবহারকারীদের ফিডে বিজ্ঞাপনদাতাদের বিচরণ বৃদ্ধির জন্য নেওয়া হয়েছে।
জবাবে সিস্ট্রোম বিবিসিকে বলেন “অ্যালগরিদমের সঙ্গে আমরা বিজ্ঞাপণ বা আমরা কতটা বিজ্ঞাপণ দেখাই তা জড়িত নয়। সবাই যাতে সবচেয়ে ভাল জিনিসটি আগে দেখতে পারে এটাই এর উদ্দেশ্য।"
ইন্সটাগ্রামের লোগো পরিবর্তনও অনেক ব্যবহারকারী 'পছন্দ করছেন না'। “নতুন লোগো উন্মোচনের আগে থেকেই আমি জানতাম এটা ইনস্টাগ্রামের জন্য কঠিন সময় হতে যাচ্ছে,” সিস্ট্রোম বলেন।
“এরকম পরিবর্তন করে যেসব প্রতিষ্ঠান সফল হয় আর যেসব প্রতিষ্ঠান হয় না, তাদের আলাদা করে যে বিষয়টি, তা হচ্ছে- সফল প্রতিষ্ঠানরা সমস্যার সমাধান করে আর সঠিক কারণে এমনটা করে।"
“আমরা একটা সার্বজনীন ছাপ ফেলতে চেয়েছিলাম। আমরা সব প্রতিষ্ঠান নিয়ে অনেক গবেষণা করেছি, কীভাবে তাদের ছাপ সময়ের সঙ্গে বিবর্ধিত হয়েছে, এসব নিয়ে।"
সিস্ট্রোম তার বিশ্ববিদ্যালয়ে পড়া আর্ট ওয়ার্কের সঙ্গে সেলফি সংস্কৃতির তুলনা করেন।
“মানুষ ভাবতে পছন্দ করে যে সেলফি নতুন কোনো ব্যপার। কিন্তু চিত্রকলার ইতিহাস দেখলে, কোনটা সবচেয়ে বড় ফরম্যাট?” তিনি জিজ্ঞেস করেন।
মঙ্গলবারের ঘোষণায়, এতসব ভালো পরিসংখ্যানের মধ্যে তাদের ব্যবহারকারীর ধরন সম্পর্কে উল্লেখ 'খুব কমই' ছিল বলে জানিয়েছে বিবিসি।
সিস্ট্রোম বলেন তিনি সবচেয়ে ‘কুল’ নেটওয়ার্কটি চালাতে মোটেও চিন্তিত নন।
“অবশ্যই আমাদের আরও অনেক তরুণকে সাইন আপ করানো বাকি আছে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা শিখছে,” তিনি বলেন।
“আমাদের কাজ সবচেয়ে ‘কুল’ জায়গা হওয়া না, আমাদের কাজ সবচেয়ে কার্যকরী আর মজাদার জায়গা হওয়া।"
