২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে বেশি ক্ষমতার কম্পিউটার চীনের

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারগুলোর মধ্যে শীর্ষস্থানে এখন চীনের তৈরি একটি নতুন সুপারকম্পিউটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিলয় সিদ্দিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 07:47 PM

Updated : 20 Aug 2022, 01:03 PM

৯৩ পেটাফ্লপ ক্ষমতাসম্পন্ন সানওয়ে তাইহুলাইট নামের এই সুপারকম্পিউটারটি রাখা হয়েছে ওয়ুক্সি ন্যাশনাল সুপারকম্পিউটিং সেন্টার-এ। সোমবারে প্রকাশিত ‘টপ ৫০০’-এর প্রতিবেদনে জানা যায়, চীনের তৈরি সর্বশেষ তিয়ানহে-২ সুপারকম্পিউটারটিও শীর্ষে ছিল কিন্তু নতুন এই সুপারকম্পিউটারটি আগেরটির চেয়ে দ্বিগুণ দ্রুতগতিসম্পন্ন এবং ৩ গুণ বেশি দক্ষ। এটি প্রতি সেকেন্ডে প্রায় ৯৩,০০০ ট্রিলিয়ন হিসেব করতে পারে। ইউনিভার্সিটি অফ টেনেসি’র কম্পিউটার  বিজ্ঞানী জ্যাক ডঙ্গারা এই বিশেষ সুপারকম্পিউটারবিষয়ক এক প্রতিবেদনে বলেছেন এর প্রধান কাজ হবে উৎপাদন ক্ষমতা বাড়ানো, আবহাওয়ার পূর্বাভাস দেওয়া এবং বড় তথ্যগুলো বিশ্লেষণ করা।

টপ৫০০-এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর কম্পিউটারগুলোর মধ্যে শীর্ষ ৫০০টির তালিকা নিয়মিত হালনাগাদ করা হয়। এই প্রকল্পে সুপারকম্পিউটারগুলোর পারফরম্যান্স পরিমাপে জন ডঙ্গারা'র লিনপ্যাক বেঞ্চমার্ক একটি অ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহার করা হয়।

এই সুপারকম্পিউটারটিতে রয়েছে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত ১.০৫ কোটি প্রসেসিং কোর, সেই সঙ্গে ৪০,৯৬০ নোড এবং লিনাক্স অপারেটিং সিস্টেম। এরই মাধ্যমে চীন মার্কিন যুক্তরাষ্ট্র-কে টপকে উপরে চলে গেছে। টপ৫০০ কম্পিউটারের মধ্যে চীনের রয়েছে ১৬৭টি এবং যুক্তরাষ্ট্রের ১৬৫টি কম্পিউটার। টপ৫০০-এর মতে, চীন সুপারকম্পিউটিং জগতে সবচেয়ে দ্রুত উন্নতি করেছে। মাত্র ১০ বছর আগে টপ৫০০-এর মধ্যে চীনের মাত্র ২৮টি কম্পিউটার ছিল এবং শীর্ষ ৩০-এর মধ্যে একটিও ছিল না। বর্তমানে টপ৫০০ তালিকায় প্রথম ১০টির মধ্যে শীর্ষ দুইটি কম্পিউটার চীনের এবং বাকিগুলো জাপান, সুইজারল্যান্ড, জার্মানি এবং সৌদি আরবে তৈরি।

সাউদাম্পটন ইউনিভার্সিটি-এর অধ্যাপক লেস কার জানান, একজন কম্পিউটার বিজ্ঞানী হিসেবে এত বড় একটি মেশিনের সঠিক ব্যবহারের জন্য সফটওয়্যার লেখাটা অনেক কঠিন এবং এর বৃহৎ সংখ্যক কোর নিয়ন্ত্রণ করাও কঠিন। তিনি আরও জানান, এই কারণেই এর অ্যাপ্লিকেশন অনেক সীমিত। 

সুপারকম্পিউটারের সুবিধা ভোগ করতে এইজন্য অত্যন্ত বিশেষ ধরণের কম্পিউটিং প্রয়োজন। এই মেশিন গ্র্যাঁ প্রি রেসিং গাড়িগুলোর মতো অনেক উচ্চ গতি সম্পন্ন। এরা সার্কিটে রেস করার জন্য চমৎকার কিন্তু লন্ডন থেকে এডিনবার্গ ভ্রমণের জন্য 'উপযুক্ত নয়'।