২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে আসছে ইস্পোর্টস চ্যানেল

যুক্তরাজ্যে প্রথমবারের মতো চালু হচ্ছে দিনরাত চব্বিশ ঘন্টা নিরবচ্ছিন্নভাবে চালু থাকবে এমন টিভি ইস্পোর্টস চ্যানেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ ইফতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 10:06 PM

Updated : 20 Aug 2022, 01:02 PM

বিবিসি জানায়, স্কাই টেলিভিশন সেবার অধীনে জিনক্স ইস্পোর্টস টিভি নামের এই গেইমিং চ্যানেলটিতে ডোটা টু এবং কাউন্টার স্ট্রাইক সহ বিভিন্ন গেইমের আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং চ্যানেলটির নিজস্ব কন্টেন্ট প্রচার করা হবে।

এক বিবৃতিতে জিনক্স প্রধান মিখিয়েল বেকার জানান, এ চ্যানেলটির উদ্দেশ্য ইস্পোর্টসকে এবার টিভির পর্দায় নিয়ে আসা, যাতে স্ট্রিমিংনির্ভর অনলাইন গেইম দেখার ক্ষেত্রে ব্যবহারকারীরা সুবিধা পেতে পারেন।

তিনি আরও বলেন, স্কাই এর লাখ লাখ দর্শকদের সামনে এ চ্যানেলটি উপস্থাপন করার ফলে ইস্পোর্টস আরও জনপ্রিয়তা পাবে এবং প্রতিযোগিতাগুলা সম্পর্কে ভক্তরা তুলনামূলক ভিন্ন অভিজ্ঞতা পাবে বলে তিনি আশাবাদী।

তবে সরাসরি অনলাইন স্ট্রিমিং-এর জনপ্রিয়তাকে টেক্কা দিয়ে এ চ্যানেলটি আসলে দর্শকদের আকৃষ্ট করতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান কোনো কোনো বিশ্লেষক।

গেইমিং নিউজ সাইট 'রক পেপার শটগান'-এর আলেক মিয়ার বিবিসিকে বলেন, "ইউটিউব ও টুইচে জনপ্রিয় ধারাভাষ্যকারদের উপস্থাপিত ইস্পোর্টস স্ট্রিমিং থেকে দর্শকদের ব্রডকাস্ট টিভিতে সরিয়ে নিয়ে যেতে চ্যানেলটি তেমন কিছু করতে পারে বলে মনে হয় না। টিভিতে আরও গেইমিং দেখাটা অবশ্যই বিশেষ কিছু, তবে আমার ধারণা এ পর্যায়ে এসে এতে অনেক দেরি হয়ে গেছে।"