এবার ‘উবার স্টাইলে’ রিকশা ভাড়া
মোবাইল অ্যাপের মাধ্যমে ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার চলতি বছর লাহোরে তাদের সেবা চালু করেছে। সেখানে উবারের প্রতিদ্বন্দ্বী হল রিকশা। নতুন এক প্রতিদ্বন্দ্বী উবারকে টক্কর দিতে আগেভাগেই লাহোরে ‘রিক্সি’ নামের নতুন এক সেবা নিয়ে বসে আছে!
লাহোরের কম বেতনভুক্ত অধিবাসীরা গাড়ির চেয়ে রিকশাতেই বেশি যাতায়াত করে। তাই নতুন চিন্তা ও পুরানো প্রযুক্তির মিশ্রণ ঘটেছে উবারঘরানার এই সেবায়। লাহোরে রিক্সি সেবায় গাড়ির বদলে রিকশা ভাড়া দেওয়া হবে বলে জানিয়েছে রয়টার্স। শুধু তাই নয় গ্রাহকেরা স্মার্টফোন ছাড়াই কেবল সাধারণ ফোন ব্যবহার করে মেসেজিংয়ের মাধ্যমে কাছাকাছি রিকশাচালকদের ভাড়া করতে পারবেন।
পাকিস্তানে ১৩ কোটি মোবাইল ফোন গ্রাহক থাকলেও, এর মাত্র ২১ শতাংশ ডেটা প্যাকেজের সাবস্ক্রাইবার। আর এর পরিমাণ বাড়াতে হলে এশিয়ার কম বেতনভুক্ত গ্রাহকদের এই প্রযুক্তির আওতায় আনতে হবে।
থাইল্যান্ডের ‘ট্যাক্সি রেডিও’ ফোনকল এবং টেক্সট মেসেজের মাধ্যমে, ফিলিপাইনে ‘হেইকুয়া!’ এবং ইন্দোনেশিয়ার ‘ইয়েস বস’-এর মত ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও স্মার্টফোন অ্যাপ ব্যবহার করা ছাড়াই সেবা প্রদান করে।
‘রিক্সি’-এর প্রতিষ্ঠাতা আদনান খাজা বলেছেন, তার প্রতিষ্ঠান লাহোরের এক হাজারেরও বেশি রিকশাচালকের সঙ্গে কাজ করছে। গ্রাহকের মেসেজ পেয়ে সেলফোনের টাওয়ারের অবস্থান নির্ধারণ করে গুগল ম্যাপ থেকে গ্রাহকের অবস্থান নির্ধারণ করবে এই সেবাটি।
“আপনারা যদি উবারের ঐচ্ছিক মডেলগুলো দেখেন সেগুলো স্মার্টফোনের উপর নির্ভরশীল। পাকিস্তান, ভারত, বাংলাদেশের মতো দেশে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, কিন্তু এটি এখনও বৃহৎ বাজারের চেয়ে ছোট।”
এদিকে উবার রিক্সির ব্যবসার ধরন সম্পর্কে কোনো প্রকার মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে যে, এসএমএসভিত্তিক এ সেবাটি পরীক্ষা করার সময় পাকিস্তানে তা স্থাপন করার সরাসরি কোনো পরিকল্পনা প্রতিষ্ঠানটির নেই।
উবারের পাকিস্তান শাখার প্রধান জহির ইউসুফ বলেছেন, “আমরা চাহিদা অনুসারে পণ্যের বিস্তার ঘটাব এবং শহরে আরও ভাল সেবাদান করব। তা মোটরবাইক হোক, রিকশা হোক, আর চপার হোক।”
যদিও আদম গজনবি নামের একজন প্রযুক্তি উদ্যোক্তা রিকশা বাজার নিয়ে পড়াশুনা করেছেন। তার মতে, উবারের ট্যাক্সি ভাড়া নেওয়ার জন্য পাকিস্তানের বাজার অতটা বড় নয়, কিন্তু রিকশার জন্য একটি অ্যাপের ক্ষেত্রে তা খুব লাভজনক হতে পারে। তিনি বলেছেন, “যদি কেউ এটা করতে পারে তবে এর সম্ভাবনা অনেক।”
এখন পর্যন্ত রিক্সি জানিয়েছে, ২০১৩ সালে এটি চালু হওয়ার পর এক লাখ গাড়ি নিবন্ধন করেছে এবং গড়ে প্রতিদিন একশ' ভাড়া দেওয়া হয়। আওয়ামি রিকশা ইউনিয়ন-এর ভাষ্যমতে, প্রতিদিন লাহোরে দুই লাখ রিকশা চলে।
ইউনিয়নের প্রধান মাজিদ গৌরি বলেছেন, “রিকশা চালকেরা এগুলো (অনলাইন অ্যাপ) সম্পর্কে কিছুই জানেনা। তারা কেবল তাদের দৈনিক ভাড়া চায়।” তিনি আরও জানিয়েছেন, কম আয়ের বাজারে গতি এবং ভোক্তাদের আচরণ ট্যাক্সি শেয়ারিং এলাকা থেকে ভিন্ন হয়।
রিক্সি ১৫ মিনিটের মধ্যে সেবা প্রদানের প্রতিজ্ঞাবদ্ধ থাকলেও কিছু জায়গায় তাতে তারা সক্ষম হয়নি। প্রযুক্তি উদ্যোক্তা ড্যানিয়েল শারাফ-এর প্রতিষ্ঠানটি সেলফোনের সেবায় মূল্য যোগ করে। ড্যানিয়েল বলেছেন, “এমনকি দেশের অধিক ঘনত্বের শহরগুলোতে কয়েকশ’ মিটারের বেশি নির্ভুলতা সম্ভব নয় যা একজন যাত্রী খুঁজতে থাকা চালকের জন্য সঠিক নয়।”
রিক্সি জানিয়েছে, ভুলের জন্য কেবল তিন শতাংশ ভাড়া নেওয়া হয়। যেমন গুগল ম্যাপের সঙ্গে গ্রাহকের অবস্থান না মিললে এই ধরনের ভুল হয়ে থাকে।
