২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কতটা নিরপেক্ষ ফেইসবুক?

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে ব্যবহারকারীদের ব্যক্তিস্বাধীনতা রক্ষায় কিছু নীতিমালা রয়েছে। কিন্তু এসব নীতিমালা বজায় রাখার ক্ষেত্রে ফেইসবুকের অবস্থান কতটা নিরপেক্ষ ও যুক্তিযুক্ত, তা অনেকটাই প্রশ্নবিদ্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ ইফতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 09:50 PM

Updated : 12 Apr 2022, 02:18 AM

সিএনএন জানায়, বুধবার শিকাগোতে ২৮ বছর বয়স্ক এক যুবকের হত্যাকাণ্ডের দৃশ্য ফেইসবুক লাইভে ধরা পড়লেও এ ভিডিওটি ফেইসবুক তার ওয়েবসাইট থেকে সরিয়ে নেয়নি। প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, ভিডিওটিতে সহিংসতাকে উৎসাহিত করা হয়নি, যার কারণে এটি ওয়েবসাইটটির 'কমিউনিটি স্ট্যান্ডার্ড' লঙ্ঘন করেনি। বরং একে সচেতনতামূলক ভিডিও আখ্যা দিয়ে সতর্কবাণী জুড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

অথচ সম্প্রতি শুরুতে আইসিসপন্থী এক ব্যক্তি এক পুলিশ কমান্ডারকে হত্যার ভিডিও ফেইসবুক লাইভস্ট্রিমে প্রকাশ করলে তা সরিয়ে নেওয়া হয়।

অন্যদিকে, হত্যাকাণ্ডের ভিডিও চালু রাখায় যেখানে কোনোই আপত্তি নেই প্রতিষ্ঠানটির, সেখানে সহনীয় মাত্রার নগ্নতার ক্ষেত্রেও অনেকটাই বিরুপ মনোভাব প্রতিষ্ঠানটির। উদাহরণস্বরূপ, শিশুদের স্তন্যদানের ছবি ফেইসবুক থেকে সরিয়ে নেওয়ার একের পর এক অভিযোগের মুখে ২০১৪ সালে এ ধরনের যৌনতাবিহীন ছবির জন্য এর নীতিমালায় পরিবর্তন আনা হয়। এ ছাড়াও ফেইসবুকে শিল্পকর্মে নগ্নতার অনুমতি থাকলেও মাঝে মাঝেই তা সরিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়।

ওয়েবসাইটটিতে প্রেসক্রিপশন ড্রাগ, গাঁজা ও আগ্নেয়াস্ত্র বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকলেও নেশাদ্রব্য ব্যবহার সম্পর্কিত কনটেন্টের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির মনোভাব অনেকটাই শিথিল। এসব কনটেন্ট সরিয়ে নেওয়ার ক্ষেত্রে এখনও পর্যন্ত ব্যবহারকারীদের অভিযোগের ওপর অনেকটাই নির্ভরশীল প্রতিষ্ঠানটি।

ফেইসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড নীতিমালা আটটি ভাগে বিভক্ত, যার মধ্যে রয়েছে মানহানি, আক্রমণ, যৌন নিপীড়ন এবং বেআইনি পণ্য সংক্রান্ত কন্টেন্ট নিয়ন্ত্রণ। ফেইসবুকের ভাষ্য অনুযায়ী, এ নীতিমালার উদ্দেশ্য ব্যবহারকারীদের নিরাপদ রাখা, সৌজন্যতা এবং সাংস্কৃতিক ব্যাপ্তিকে উৎসাহিত করা, আর ব্যক্তিস্বাধীনতা প্রতিষ্ঠা। তবে দেড়শ' কোটিরও বেশি ব্যবহারকারীর নিত্য বিচরণ রয়েছে যে সাইটটিতে, তাতে কর্তৃপক্ষের এমন দ্বিমুখী আচরণ অনেকটাই বেমানান বলে ভাষ্য মার্কিন সংবাদমাধ্যমটির।