২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ডি-মানি

শীঘ্রই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্টার্টআপ প্রতিষ্ঠান ডি-মানি লি.। আরেফ আর. বশির এবং সোনিয়া বশির কবির মিলে ফিন্যান্সিয়াল টেকনোলজি (ফিনটেক)-ভিত্তিক এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 10:12 PM

Updated : 12 Apr 2022, 02:18 AM

উদ্যোক্তাদ্বয় আরেফ আর. বশির, সিনটেক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আর সোনিয়া বশির কবির, মাইক্রোসফট বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক।

শুরুতেই উদ্দীপন এনার্জি লি. (ইউইএল)-এর সঙ্গে একটি চুক্তি করেছে ডি-মানি। চুক্তি অনুযায়ী, বাংলাদেশে উদ্দীপনের সেবাগ্রহণকারীদের ডিজিটাল কারেন্সি পেমেন্ট নেটওয়ার্ক সেবা দেবে ডি-মানি। বাংলাদেশের ‘এমএফআই সম্প্রদায়ের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে’ সৃষ্টিশীল সেবা প্রদান করবে ডি মানি ও উদ্দীপন- জানিয়েছে প্রতিষ্ঠানটি। দ্রুততার সঙ্গে ডি মানি নিজেদের টিম বড় করছে যাতে করে সারা দেশে জরিপ করার কাজ সহজে সম্পন্ন করা যায়। এতে করে নিজেদের সফটওয়্যার উন্নয়নে অনুদানের অর্থ বিনিয়োগ করা যাবে উপযুক্ত পরিমাণে, জানিয়েছে তারা।

আর্থিক খাতে ডি-মানি এবং ইউইএল ব্যাংকিং সিস্টেমবিষয়ক সেবা প্রদান করবে। উদ্দীপনের সেবাগ্রহীতাদের মধ্যে যারা অর্থের লেনদেন কোনো ইলেকট্রনিক্স বা ব্যাংকিং উপায়ে করেন না তারা ঋণ, টাকা জমার রশিদ বা টাকা ফেরত, এজেন্ট ব্যাংকিং, মার্চেন্ট ক্রয়/ নিবন্ধণ, ইন্সুরেন্স প্রিমিয়াম সংগ্রহ, অভিযোগ গ্রহণ এবং বিল পরিশোধ করতে পারবেন ডি-মানি প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে। এমনকি সেবাগ্রহণকারীরা নিজেদের ফিচার ফোনের মাধ্যমেও ডি-মানি প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক সেবা পাবেন। 

এ ছাড়া ইলেকট্রনিক্স কেওয়াইসি কমপ্লায়েন্স, ই-কমার্স এবং নন-কোর ফিন্যান্সিয়াল সার্ভিস দেবে ডি-মানি। ডি-মানি-এর ওয়ালেট বা সেবা নিতে গ্রহীতাদের স্মার্টফোন এমনকি ইন্টারনেট ব্যবহারের কোনো প্রয়োজন নেই। নিরাপদ ডি-মানি এনএফসি প্রযুক্তিসম্পন্ন চিপ ও পিন কার্ড ব্যবহার করে উক্ত আর্থিক সেবা গ্রহণ করা যাবে। ডি-মানি ব্যবহার করার ফলে অর্থ লেনদেনের জন্য কোনো ব্যাংকেও যেতে হবে না গ্রাহকদের। 

ইউইএল-এর চেয়ারপারসন মো. ইমরানুল চৌধুরী বলেন. “অনেক আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ডি-মানি-এর সঙ্গে মিলে ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগনকে আর্থিক সেবা দিতে আমরা সক্ষম এবং এ ব্যাপারে আমরা দৃঢ়-প্রতিজ্ঞ।”

ডি-মানি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরেফ আর. বশির বলেন, উদ্দীপনের সঙ্গে মিলে কাজ করার ব্যাপারে তিনি ‘অনেক বেশি উৎফুল্ল’।

“আমি বিশ্বাস করি, সৃষ্টিশীল ও উদ্ভাবণী প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের শেষ প্রান্ত পর্যন্ত আমরা আমাদের আর্থিক ডিজিটাল সেবা পেীঁছে দিতে সক্ষম হব। দেশের প্রতিভাবান আইটি জনবলকে কাজে লাগিয়ে বিশ্বমানের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম এবং নেটওয়ার্ক সেবা প্রদানে আমরা সচেষ্ট।”

মাইক্রোসফট বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক এবং ডি-মানি’র সহপ্রতিষ্ঠাতা সোনিয়া বলেন, “আমি আনন্দের সঙ্গে জানাতে চাই, ১০০ ভাগ দেশিয় সফটওয়্যারের মাধ্যমে মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে আমরা একে বিশ্ব বাজারে সমাদৃত করার পরিকল্পনা গ্রহণ করেছি।

“বাংলাদেশে নারীদের মাঝে প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে আমি সবসময়ে দৃঢ়-প্রতিজ্ঞ এবং সুবিধাবঞ্চিত মানুষদের জন্য ডি-মানি অর্থনৈতিক লেনদেনের চিরাচরিত চেহারাই পাল্টে দেবে।”